হত্যার অভিযোগে শিক্ষক আটক
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সুন্দরপীর লিল্লাহ বোর্ডিং ও হাফেজখানার এক ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে শাহিনুর ইসলাম ওরফে সোহান নামের ওই ছাত্রের লাশ মাদ্রাসার পেছনের পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, সুরতহাল প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাদ্রাসার শিক্ষক হাফেজ এমদাদুল হককে আটক করা হয়েছে। এর নেপথ্যে কী কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
থানার পুলিশ সূত্র জানায়, শাহিনুর ইসলাম উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নে অবস্থিত ওই মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা আবু সাঈদ ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। তাদের বাড়ি মাদ্রাসাসংলগ্ন বাঘাচোড়া রহমতনগর গ্রামে। নিহত শাহিনুর ইসলামের পরিবারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক এমদাদুল হক রাত তিনটার দিকে খবর দেন ওই ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালে পুলিশ শাহিনুরের লাশ পুকুর থেকে উদ্ধার করে।