নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের বটতলী ও বুড়িরচর ইউনিয়নের শূন্যেরচর গ্রাম থেকে গতকাল বুধবার দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই দুই গৃহবধূর বাবার বাড়ির লোকজনের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে তাঁদের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া দুই গৃহবধূ হলেন বটতলী গ্রামের মো. সুমনের স্ত্রী জ্যোৎস্না আরা (১৯) ও শূন্যেরচর গ্রামের আজহার উদ্দিনের স্ত্রী শাহেনা আকতার (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বটতলী গ্রামের জ্যোৎস্না আরা পারিবারিক কলহের জের ধরে গত মঙ্গলবার রাত ১০টার দিকে আত্মহত্যা করেছেন বলে তাঁর স্বামীর পরিবারের লোকজন প্রচার করেন। পরে খবর পেয়ে পুলিশ গতকাল বুধবার সকালে লাশটি উদ্ধার করে।
এদিকে একই রাতে শূন্যেরচর গ্রামে শাহেনা আকতার শ্বশুরবাড়িতে মারা যান। বুড়িরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাকির হোসেন জানান, তিন বছর আগে শাহেনার বিয়ে হয়। এ সময়ের মধ্যে দাম্পত্য কলহ নিয়ে তাঁরা একাধিকবার সালিস করেছেন।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী
সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওই দুই গৃহবধূর বাবার বাড়ির লোকজন ঘটনা দুটিকে হত্যা বলে অভিযোগ করেছেন। তাঁদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।