হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় ছিনতাইয়ের পর ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালককে হত্যার অভিযোগে রুহুল আমিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পাথরঘাটার কোড়ালিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ছিনতাই করা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পুলিশের বিবরণ অনুযায়ী, বরগুনা সদর উপজেলার বরইতলা গ্রামের ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক আনিসুর রহমানের সঙ্গে রুহুল আমিনের বন্ধুত্ব ছিল। সেই সুবাদে আনিসুর কয়েকবার রুহুল আমিনের বাড়িতে বেড়াতে যায়। গত ১০ নভেম্বর রুহুল আমিন বরগুনায় আসেন এবং ওই দিন সন্ধ্যায় আনিসুরকে পাথরঘাটায় তাদের বাড়িতে বেড়াতে নিয়ে যায়। পথে আনিসুরকে হত্যা করে তাঁর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় রুহুল আমিন। ১৮ নভেম্বর সদর উপজেলার বালিয়াতলী গ্রামের রাস্তার পাশের ঝোপ থেকে আনিসুরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) পুলক চন্দ্র রায় বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহুল আমিন আনিসুলকে অপহরণ ও হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করার কথা স্বীকার করেছে।