হত্যার অভিযোগে স্বামীসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে স্ত্রী জাকিয়া বেগমকে হত্যার অভিযোগে স্বামী মোর্শেদায়ন নিশানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে গোপালগঞ্জ শহরের বেদগ্রামে মোর্শেদায়নের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত জাকিয়া (৩০) গোপালগঞ্জ সদরের সিকদারপাড়া গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। মোর্শেদায়ন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও স্থানীয় আমাদের গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক। তাঁদের সাত বছরের এক ছেলে আছে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সওগাতুল আলম বলেন, শহরের বেদগ্রাম এলাকায় একটি বাড়িতে ডাকাতিকালে ডাকাতেরা গৃহবধূ জাকিয়াকে হত্যা করেছে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে যায়। সেখানে গিয়ে ডাকাতি করার কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনাস্থলে জাকিয়াকে মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে।
লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোর্শেদায়ন বলছেন, রাতে বাড়িতে একদল ডাকাত হামলা চালায়। তারাই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাকিয়াকে হত্যা করে।
জাকিয়ার বাবা জালাল উদ্দিন বলেন, কয়েক মাস ধরে স্বামীর সঙ্গে জাকিয়ার সম্পর্ক ভালো যাচ্ছিল না। এর জের ধরে তাঁেকে হত্যা করা হয়েছে। জাকিয়ার মামা হাফিজুর রহমান বলেন, বিয়ের পর মোর্শেদায়ন অর্থলিপ্সু ও নেশাগ্রস্ত হয়ে পড়েন। এ নিয়ে জাকিয়ার সঙ্গে তাঁর কলহ চলছিল। এ কারণে এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।
গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিনুর রহমান বলেন, এ ঘটনায় মোর্শেদায়নসহ চারজনকে আসামি করে হত্যা মামলা করেছেন জালাল উদ্দিন।
মামলার অন্য আসামিরা হলেন মোর্শেদায়নের ভাই সুশান, ভগ্নিপতি হাসান ও মোর্শেদায়নের পত্রিকার কর্মকর্তা মো. আনিস। পুলিশ তাঁদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে।