হত্যার উদ্দেশ্য নিয়ে অন্ধকারে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষক অঞ্জলী দেবীকে কারা, কী উদ্দেশ্যে হত্যা করেছে এ বিষয়ে এখনো অন্ধকারে পুলিশ। তবে হত্যাকাণ্ডের ধরন দেখে পুলিশ বলছে, ঘটনাটি পরিকল্পিত। পেশাগত দ্বন্দ্ব, পারিবারিক বিরোধ ও সন্ত্রাসীদের হুমকি—এ তিনটি বিষয় সামনে রেখেই তদন্ত চলছে। হত্যাকাণ্ডের বিষয়ে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, বিভিন্ন বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে। এখনো কোনো ক্লু (সূত্র) পাওয়া যায়নি।
গত শনিবার সকালে বাসা থেকে বেরিয়ে কর্মস্থলে যাওয়ার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন অঞ্জলী দেবী। চকবাজার তেলাপট্টি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষিকার স্বামী রাজেন্দ্র লাল চৌধুরী বাদী হয়ে ওই রাতেই অজ্ঞাতপরিচয় যুবকদের আসামি করে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। তবে গতকাল রোববার রাত নয়টা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
মামলাটি তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্ত দলের প্রধান ও ডিবির সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, হত্যাকারীরা ছিনতাইকারী হলে মুঠোফোন ও টাকা কেড়ে নিত। কিন্তু তারা কিছুই নেয়নি। চারজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা হয়েছে। তাঁরা জানিয়েছেন, হত্যাকাণ্ডে চার থেকে পাঁচজন অংশ নেয়। প্রত্যেকের কাঁধে স্কুলব্যাগ ছিল। ওই ব্যাগে করে তারা রামদা নিয়ে আসে। অঞ্জলী দেবীকে কুপিয়ে রামদা ব্যাগের ভেতরে নিয়ে তারা দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ সূত্র জানায়, পাঁচজন ঘটনাস্থলে থাকলেও আশপাশে আরও কয়েকজন ছিল বলে পুলিশ ধারণা করছে। সকালে কেউ গলিতে প্রবেশ করছেন কি না, অন্যরা সেটি খেয়াল রাখে। হত্যার ধরন দেখেই ঘটনাটিকে পরিকল্পিত বলছে পুলিশ।
পুলিশ বলছে, ২০০৯ সালে নার্সিং কলেজে শিক্ষার্থীদের হিজাব পরা নিয়ে আন্দোলন হয়। অনেক আগের ঘটনা হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তদন্ত দলের প্রধান জাহাঙ্গীর আলম।
এ বিষয়ে জানতে চাইলে হিজাব পরা আন্দোলনকারীদের একজন সুফিয়া সুলতানা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, হিজাব পরা নিয়ে শিক্ষকদের দুটি পক্ষ ছিল। কিন্তু অঞ্জলী ম্যাডাম খুবই নীতিমান ছিলেন। তিনি এর মধ্যে ছিলেন না।
মামলার বাদী রাজেন্দ্র লাল চৌধুরী জানান, কারও সঙ্গে তাঁদের বিরোধ নেই। হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
নার্সিং কলেজের শিক্ষিকাকে কুপিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ এবং শান্তি ও মানবাধিকার আন্দোলন বাংলাদেশ। গতকাল পৃথক বিবৃতিতে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে দুটি সংগঠন।