চট্টগ্রামের দক্ষিণ নালাপাড়ায় বাসার ভেতর মা-মেয়েকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে গত দুই দিনেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। কারা, কী উদ্দেশে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো অন্ধকারে পুলিশ।
গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দক্ষিণ নালাপাড়ার আল ইসলাম ভবনের চতুর্থ তলার ভাড়া বাসায় মাংস ব্যবসায়ী শাহ আলমের স্ত্রী নাছিমা বেগম ও মেয়ে রিয়া আক্তারকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। রাতেই শাহ আলম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সদরঘাট থানায় মামলা করেন।
শাহ আলম গতকাল শুক্রবার জানান, হত্যার ঘটনায় কাউকে তিনি সন্দেহ করতে পারছেন না। তাঁর সঙ্গে কারও শত্রুতা নেই। কাউকে সন্দেহ করতে না পারায় মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করেছেন তিনি। শাহ আলম জানান, মা ও ছোট বোনকে হারিয়ে নির্বাক হয়ে গেছে তাঁর দুই ছেলে রিয়াদ হোসেন ও হৃদয় হোসেন।
নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার শাহ মো. আবদুর রউফ জানান, শাহ আলমের বাসার গৃহশিক্ষক, গৃহকর্মী, শাহ আলম, তাঁর শ্যালক আলাল হোসেনসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিছু বিষয় সামনে রেখে পুলিশের তদন্তকাজ চলছে। পেশাদার অপরাধী, বাসায় কারা আসা-যাওয়া করত, শাহ আলম ও নিহত নাসিমার মুঠোফোনের কললিস্ট যাচাই-বাছাই করা হচ্ছে।