চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাহাজতে রিমান্ডে থাকা আসামি মাহফুজ রহমান ওরফে মাহফুজ আলম (২৭) আত্মহত্যা করেননি বলে দাবি করেছে তাঁর পরিবার। তাদের অভিযোগ, হত্যার ঘটনা ধামাচাপা দিতে আত্মহত্যার ঘটনা সাজিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে এ অভিযোগ করেন মাহফুজের বড় দুই ভাই শাহিনুল ইসলাম ও মো. জুলহাস।
মো. জুলহাস বলেন, ঘটনার দিন থানাহাজতে থাকা মাহফুজকে দেখতে গিয়েছিলেন তিনি। তখন মাহফুজ নীল রঙের একটি জিনসের প্যান্ট পরে ছিলেন। প্যান্ট কাটা ছিল না। কিন্তু হাজতখানার টয়লেট থেকে লাশ উদ্ধারের পরে দেখা যায়, প্যান্টটি হাঁটুর নিচ থেকে কাটা। পুলিশ জানিয়েছে, এর ওপরই আরেকটি প্যান্ট পরে ছিলেন মাহফুজ। যে প্যান্ট ছিঁড়ে তিনি টয়লেটের চৌকাঠের ওপরে ফোকরের সঙ্গে বেঁধে দরজার ছিটকিনি লাগান। এরপর ফুলপ্যান্টের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। কিন্তু সেই প্যান্টটি মাহফুজের সঙ্গে ছিল না বলে দাবি করেন জুলহাস।
জুলহাস জানান, আগের দিন নাচোল থানায় গেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবদুল বারিক তাঁকে বলেন, ‘তোমার ভাই অপারেশন করে রোগী মেরেছে। এখন তোমার ভাইকে আমরা অপারেশন করব।’ মাহফুজকে নির্যাতন না করার জন্য আবদুল বারিক তাঁর কাছে ২০ হাজার টাকা দাবি করেন। তিনি এই দাবিও মেটান। আবদুল বারিক বলেন, মাহফুজ আত্মহত্যার জন্য যে প্যান্ট ব্যবহার করেছেন, সেটা তাঁর পরনেই ছিল। এর প্রমাণ আছে।
মাহফুজের আরেক বড় ভাই শাহিনুল ইসলাম বলেন, ‘জিনসের নীল রঙের প্যান্টটি আমি নিজে তাঁকে কিনে দিয়েছিলাম। প্যান্টটি কাটা ছিল না। হাসপাতালের মর্গে গিয়ে মাহফুজের পরনে থাকা জিনসের প্যান্টটি সদ্য কাটা হয়েছে। এই গরমের দিনে জিনসের প্যান্টের ওপরে আরেকটি প্যান্ট পরে থাকার গল্প বিশ্বাসযোগ্য নয়। পুলিশ আমার ভাইকে মেরে ফেলে আত্মহত্যার নাটক সাজিয়েছে।’
এদিকে আদালতের আদেশে পাঁচ সদস্যের একটি চিকিৎসক বোর্ড সদর হাসপাতালে গতকাল মাহফুজের লাশের ময়নাতদন্ত করেছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আয়শা জুলেখার নেতৃত্বে পাঁচ সদস্যের চিকিৎসক বোর্ড ময়নাতদন্ত শেষে প্রাথমিক প্রতিবেদন আদালতে দাখিল করে। আয়শা জুলেখা বলেন, ‘আমরা প্রাথমিক প্রতিবেদন দিয়েছি। ঢাকার মহাখালীর পরীক্ষাগার ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভিসেরা পাঠানো হয়েছে। ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।’
নাচোল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর দায়ে মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হওয়া ভুয়া চিকিৎসক মাহফুজ রহমান হতাশা থেকেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁকে নির্যাতন করে হত্যা করার অভিযোগ ভিত্তিহীন। তাঁর শরীরে নির্যাতনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় গঠিত পুলিশের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান প্রথম আলোকে বলেন, ‘আজই (বৃহস্পতিবার) লিখিত আদেশ পেয়েছি। শিগগিরই তদন্ত শুরু হবে।’
১৭ জুলাই সন্ধ্যায় নাচোলের নেজামপুর ইউনিয়নের বাইপুর গ্রামের নাসির উদ্দিনের মেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নাহিদা খাতুনকে পেটে ব্যথা সমস্যা নিয়ে জননী ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক মাহফুজ রহমান ওরফে মাহফুজ আলম রোগীর অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলে দ্রুত অস্ত্রোপচারের কথা বলেন। রোগীর পরিবারের সম্মতিতে তিনি ওই রাতেই অস্ত্রোপচার করেন। কিন্তু ১৯ জুলাই নাহিদার অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন রোগীর বাবা নাসির উদ্দিন বাদী হয়ে মাহফুজ রহমানসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন। রাতেই ক্লিনিক থেকে গ্রেপ্তার করা হয় মাহফুজকে।
জানা যায়, মাহফুজ পরিচয় গোপন করে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কর্মরত সরকারি চিকিৎসক মাসুদ রানার এমবিবিএস পাসের সনদ জাল করে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা করে আসছিলেন।