হত্যার ঘটনায় আসামি পক্ষের গ্রামে হামলা ও লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে জাকির হোসেন (৩৫) নামের এক প্রবাসী খুনের ঘটনায় আসামিপক্ষের গ্রামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটছে। গত সোমবার বিকেল থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ববিরোধের জের ধরে পাকশিমুল ইউনিয়নের হরিপুর ও ষাটবাড়িয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সোমবার সকালে সংঘর্ষ হয়। এতে মধ্যপ্রাচ্যপ্রবাসী হরিপুর গ্রামের জাকির প্রতিপক্ষের বল্লমের আঘাতে নিহত হন। এ ব্যাপারে নিহত ব্যক্তির বড় ভাই জাহাঙ্গির হোসেন রাতে ষাটবাড়িয়া গ্রামের ২৩ জনের নাম উল্লেখ এবং আরও সাত-আটজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ উছমান মিয়া নামের এক আসামিকে ওই রাতেই গ্রেপ্তার করে।
প্রত্যক্ষদর্শী লোকজন জানান, জাকির হোসেন খুনের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর ষাটবাড়িয়া গ্রামের বাসিন্দারা গ্রাম ছেড়ে পালাতে থাকেন। এরপর সোমবার বিকেল থেকেই হরিপুর গ্রামের লোকজন ষাটবাড়িয়া গ্রামে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাট শুরু করেন। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত গ্রামের প্রায় ১৬টি বসতবাড়িতে ওই হামলা চালানো হয়। এসব বাড়ির আসবাব, ধান-চাল, গরু-ছাগলসহ বিভিন্ন জিনিস লুট করা হয়।
গতকাল দুপুরে সরাইল থানার এসআই বোরহান উদ্দিনের নেতৃত্বে এক দল পুলিশ ষাটবাড়িয়া গ্রামে অবস্থান নেয়। বোরহান উদ্দিন দাবি করেন, ষাটবাড়িয়া গ্রামের যেসব বাড়িঘর ভাঙা দেখা যাচ্ছে, এগুলো আগেই এমন ছিল। এক মাস আগের মারামারির করণেই এগুলোর এমন অবস্থা হয়েছে। ওসি আলী আরশাদ বলেন, ষাটবাড়িয়া গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।