হত্যার জন্য ভাড়া করা হয়েছিল দুর্বৃত্তদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে মুক্তিযোদ্ধা মল্লিক আবু বক্কর সিদ্দিককে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ছবি: প্রথম আলো
বাগেরহাটে মুক্তিযোদ্ধা মল্লিক আবু বক্কর সিদ্দিককে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ছবি: প্রথম আলো

বাগেরহাটে মুক্তিযোদ্ধা মল্লিক আবু বক্কর সিদ্দিককে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাতে সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বারুইপাড়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার একজনের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, জমি নিয় বিরোধের জের ধরে আবু বক্কর সিদ্দিককে হত্যা করতে তাঁর প্রতিবেশী দুর্বৃত্তদের সঙ্গে ২০ হাজার টাকার চুক্তি করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বারুইপাড়া গ্রামের আকরাম শেখ (৩৬), একই গ্রামের জাহাঙ্গীর শেখ (৪৮) ও উকিল শেখ (৩৪)। এর মধ্যে আকরাম শেখ হামলা চালানোর কথা স্বীকার করে আজ বৃহষ্পতিবার বিকেলে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আবদুস সবুর মিনার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম।

মল্লিক আবু বক্কর সিদ্দিককে হত্যাচেষ্টার ঘটনায় আজ দুপুরে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি দাবি করেন, কারা, কেন তাঁকে ( মল্লিক আবু বক্কর সিদ্দিক) কুপিয়ে হত্যার চেষ্টা করেছে—তা জানা গেছে।

গত ১২ নভেম্বর ভোররাতে বাগেরহাট শহরের খারদ্বার এলাকার বাসিন্দা মল্লিক আবু বক্কর সিদ্দিকের বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢোকে একদল মুখোশধারী দুর্বৃত্ত। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আবু বক্করকে গুরুতর জখম করে তারা পালিয়ে যায়। ওই ঘটনার আট দিন পর গতকাল বুধবার এ ঘটনায় মামলা হয়। আবু বক্কর বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও সাত–আটজনের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মামলাটি করেন।

সংবাদ সম্মেলনে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আকরাম শেখকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকরাম হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী জাহাঙ্গীর ও উকিল শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজনই বলেছে, আবু মল্লিকের সঙ্গে তাঁর প্রতিবেশী জাকারিয়া মোড়লের জমি নিয়ে বিরোধ রয়েছে। আবু মল্লিককে হত্যা করতে জাকারিয়া ও তাঁর বোনজামাই রফিক পাইক তাঁদের সঙ্গে ২০ হাজার টাকায় চুক্তি করেন।

ওসি মাহাতাব উদ্দিন আরও বলেন, হত্যার পরিকল্পনাকারী জাকারিয়া মোড়ল ও তাঁর ভগ্নিপতি রফিক পাইক এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। তাঁদের আটক করতে পুলিশ চেষ্টা করছে।