হত্যার তিন দিন পর মামলা দায়ের
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আনন্দ মোহন ঘোষ খুনের তিন দিন পর থানায় হত্যা মামলা করা হয়েছে। গত শনিবার রাতে মামলা রেকর্ডভুক্ত হয় বলে জানিয়েছে কালীগঞ্জ থানার পুলিশ।
নিহত আনন্দ মোহন ঘোষের ভাই তপন কুমার ঘোষ বাদী হয়ে ৪৯ জনকে আসামি করে মামলাটি করেছেন।
মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁদের মধ্যে উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আয়ুব হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অনিল কুমার ভদ্র, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি ইসরাইল হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪৯ জন নেতা-কর্মী আছেন। যাঁরা সবাই বর্তমান সাংসদ আনোয়ারুল আজিম আনারের সমর্থক।
মামলার ১ নম্বর আসামি আয়ুব হোসেন দাবি করেন, ঘটনার সময় তিনি প্রায় ১০ কিলোমিটার দূরে কোলা বাজারে ছিলেন। প্রতিপক্ষকে শায়েস্তা করতে এ মামলা দেওয়া হয়েছে।
মামলার বাদী অভিযোগ করেন, কালীগঞ্জ থানার পুলিশ মামলা করা নিয়ে তাঁকে অনেক হয়রানি করেছে। মামলা করায় তাঁকে ভয়ও দেখানো হচ্ছে।
অভিযোগ অস্বীকার করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মামলায় বাদীরা কাকে আসামি করবেন, কাকে বাদ দেবেন—এ নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে সময় নষ্ট করেছেন।
এদিকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনন্দ মোহন ঘোষের নিহত হওয়ার পর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সব কর্মকাণ্ড স্থগিত আছে। জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কার্মকাণ্ড বন্ধ রাখতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ৭ জানুয়ারি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা শহরের পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছিল। সভাটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আবদুল মান্নান ইচ্ছামতো ডেকেছেন অভিযোগ এনে সাধারণ সম্পাদক ও বর্তমান সাংসদ আনোয়ারুল আজিম আনারের সমর্থকেরা হামলা চালান। এতে কমপক্ষে ১০ জন নেতা-কর্মী আহত হন। ওই দিন রাতেই যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনন্দ মোহন ঘোষ মারা যান।