হত্যার দায়ে ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম হত্যা মামলায় আদালত ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী গতকাল সোমবার এ রায় দেন।
আদালত সাজা পাওয়া ব্যক্তিদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের আরিফ, টেইপুরের রুস্তম এবং দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুরের জালু, তুফান, বকুল ও রতন। তাঁরা সবাই পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল, নিউ লাল পতাকা) সদস্য। অভিযোগ প্রমাণিত না হওয়ায় টেইপুরের জিনহারকে (৪৫) বেকসুর খালাস দেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ৪ এপ্রিল মধ্যরাতে দুর্বৃত্তরা রবিউলকে গলা কেটে হত্যা করে। রবিউলের পরিবারের সদস্যরা জানান, তিনি পেশায় কৃষক ছিলেন। ওই ঘটনার পর পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল, নিউ লাল পতাকা) খুলনা বিভাগীয় সম্পাদক দিলীপ বিশ্বাস পরিচয়ে এক ব্যক্তি মুঠোফোনে তাঁর পরিবারের কাছে হত্যার দায় স্বীকার করেন। পরদিন বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে রবিউলের গলাকাটা লাশ পায় পুলিশ।
ওই ঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম ৫ এপ্রিল অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। সদর থানার এসআই সুভাষ সরকার তদন্ত শেষে ২০০৭ সালের ১২ অক্টোবর সাত আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত গতকাল ওই রায় দেন।