হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ বন্দরের ব্যবসায়ী নজরুল ইসলাম হত্যা মামলার রায়ে দুজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার নারায়ণগঞ্জ ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় দেন।

একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. রানা ও মুসলেহ উদ্দিনকে আড়াই লাখ টাকা করে জরিমানা এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আমির হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা নিহত নজরুলের পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এ তিনজনই পলাতক রয়েছেন।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) আবদুর রহিম জানান, বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার বিদেশফেরত নজরুল ইসলাম স্থানীয় রানা ও মুসলেহ উদ্দিনের সঙ্গে থান কাপড়ের ব্যবসা শুরু করেন। নজরুল তাঁর ব্যবসায়িক অংশীদার রানাকে এক লাখ টাকা ধার দেন। কিন্তু রানা দীর্ঘদিন ধরে সেই টাকা ফেরত না দিয়ে টালবাহানা করতে থাকেন। ২০১১ সালের ২২ অক্টোবর সন্ধ্যায় টাকা ফেরত দেওয়ার কথা বলে রানা ও মুসলেহ উদ্দিন মিলে নজরুলকে বাসা থেকে ডেকে নেন। পরে তাঁরা তাঁকে শীতলক্ষ্যা নদীতে একটি নৌকায় তোলেন। নৌকার মাঝি আমির হোসেনের সহায়তায় তাঁরা নজরুলকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে লাশ নদীতে ফেলে দেন। পরে বন্দর থানার পুলিশ নদী থেকে নজরুলের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত নজরুলের বড় ভাই নাজমুল হক বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে বন্দর থানায় একটি হত্যা মামলা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি তিনজনই হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মামলায় মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ওই রায় দেওয়া হয়।