খাগড়াছড়ির দীঘিনালায় সহকর্মীকে গুলি করে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আনসার সদস্য মো. রফিকুল ইসলাম। গতকাল রোববার খাগড়াছড়ির বিচারিক হাকিম আবু সুফিয়ান মো. নোমানের আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
গত শুক্রবার দীঘিনালায় গুলিবিদ্ধ হয়ে আনসারের নায়েক আমির হোসেন নিহত হন। আনসার সূত্রের ভাষ্যমতে, আনসার সদস্য রফিকুল ইসলামের গুলিতে আমিরের মৃত্যু হয়। ঘটনার পর তিনি (রফিকুল) অস্ত্র ও গুলি নিয়ে পালিয়ে যান। গত শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
এদিকে সরকারি অস্ত্র ও গুলি নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় রফিকুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন আনসারের ল্যান্স নায়েক আক্তার হোসেন। এর আগে রফিকুলের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো জানান, রফিকুলকে গতকাল খাগড়াছড়ির বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। পরে তিনি বিচারিক হাকিম আবু সুফিয়ান মো. নোমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। রফিকুল জবানবন্দিতে উল্লেখ করেন, তিনি রাগের মাথায় গুলি করেছেন। নায়েক আমির হোসেনকে হত্যার উদ্দেশ্য ছিল না তাঁর। তিনি আনসার সদস্য মো. হাশেমকে হত্যা করতে চেয়েছিলেন। জবানবন্দিতে রফিকুল আরও বলেন, ঘুমের ব্যাঘাত ঘটায় তিনি রাগের মাথায় এ ঘটনা ঘটিয়েছেন।