হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সাবেক অফিস সহকারী সাইদ হাসানকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪–এর বিচারক জেসমিন আরা বেগম আজ মঙ্গলবার এ রায় দেন।

দণ্ডিত তিন আসামি হলেন সাইদের স্ত্রী শেফালী বেগম, শেফালীর ছেলে নয়ন এবং মেয়ের জামাই আক্কাস ব্যাপারী। রায় ঘোষণার পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল কাদের পাটোয়ারী।

মামলার নথিপত্রের তথ্য বলছে, সাইদ হাসান মিটফোর্ড হাসপাতালের অফিস সহকারী ছিলেন। আর শেফালীও মিটফোর্ড হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। শেফালীর সঙ্গে সাইদের বিয়ে হয় ১৯৯৯ সালে। ডিবি লটারি পেয়ে ২০০৮ সালে সাইদ আমেরিকা চলে যান। ফিরে আসেন ২০১২ সালের ১ জানুয়ারি। সেদিন সাইদ শেফালীর সঙ্গে মিটফোর্ড হাসপাতালের কোয়ার্টারে (বাসায়) আসেন।

মামলার এজাহারে সাইদের বড় ভাই চিকিৎসক শহীদ হাসান বলেন, সেদিন শেফালী, তাঁর প্রথম স্বামীর ছেলে নয়ন, মেয়ের জামাই আক্কাসসহ অন্যরা শ্বাসরোধে হত্যা করে তাঁর কাছ থেকে ১০ হাজার ডলার নিয়ে নেন। মামলাটি তদন্ত করে কোতোয়ালি থানা-পুলিশ ২০১২ সালের ২৪ জুন শেফালীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ওই বছরের ৩০ আগস্ট আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

পিপি কাদের বলেন, সাইদকে বিয়ে করার আগে শেফালী আরও দুটি বিয়ে করেন। ওই ঘরে তাঁর সন্তান রয়েছে। পারিবারিকসহ নানাবিধ বিরোধের জেরে সাইদকে শ্বাসরোধে করে হত্যা করেন আসামিরা। অভিযোগ প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষ ১৬ জন সাক্ষী আদালতে হাজির করে।