হত্যার নির্দেশ দেন জঙ্গি তামিম

>• অধ্যাপক রেজাউল করিম হত্যা
• ইসলামিক স্টেট বা আইএস বিদেশি নাগরিক, শিয়া, কাদিয়ানি ও নাস্তিকদের খুন করার নির্দেশ দেয়
• হত্যাকাণ্ড অনুমোদন করেন তামিম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে খুনিরা টার্গেট করেছিল আগেই, ২০১২ সালের দিকে। সময় আর কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় ছিলেন তাঁরা। সিরিয়া থেকে ইসলামিক স্টেটের অনুমোদন আসার পর তাঁরা আর দেরি করেননি। বাড়ির সামনে রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করেন।
রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের মূল আসামি শরিফুল ইসলাম ওরফে খালেদ পুলিশের জিজ্ঞাসাবাদে এসব জানিয়েছেন। ২০১৬ সালের ২৩ এপ্রিল রেজাউল করিম হত্যাকাণ্ডের পরপরই শরিফুল ভারতে পালিয়ে যান। এ বছরের ২৫ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ থেকে র্যাব তাঁকে গ্রেপ্তার করে। দুই দফা রিমান্ডে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে শরিফুল জানিয়েছেন অধ্যাপক হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার কথা। তিনি বলেছেন, হত্যাকাণ্ড অনুমোদন করেছিলেন নব্য জেএমবির প্রধান সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক তামিম চৌধুরী।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একাধিক সূত্র প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে শরিফুল জানিয়েছেন, ২০১৫ সালের শেষ দিকে তাঁদের কাছে ‘টার্গেট লিস্ট’ আসে। ওই তালিকায় বিদেশি নাগরিক, শিয়া, কাদিয়ানি ও নাস্তিকদের খুন করার কথা বলা হয়েছিল। ২০১৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নাস্তিক ছাড়া সবাইকে হত্যা করা হয়। তখন তামিম চৌধুরী বলেন, তাঁরা যে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের কথা বলেছিলেন, তাঁর বিবরণ দিতে। তারপর তামিমই সিদ্ধান্ত দেন, রেজাউল করিম সিদ্দিকী হত্যাযোগ্য। তামিম সে সময় অবস্থান করছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়–সংলগ্ন একটি ছাত্রাবাসে। অধ্যাপক রেজাউল সম্পর্কে তামিম জেনেছিলেন ২০১৪ সালের দিকে। ওই সময়টায় আনসার আল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল আলমকে হত্যা করে। তখন জেএমবির এক সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর কথা জানান তামিমকে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তামিম হত্যাকাণ্ডের চূড়ান্ত প্রস্তুতি নিতে বলেন। এর দুই মাসের মাথায় খুন হন অধ্যাপক।
হত্যাকাণ্ডের জন্য দলগঠন:
হত্যাকাণ্ডের বিভিন্ন পর্যায়ে কমপক্ষে ১০ জনের সম্পৃক্ততার কথা জানিয়েছেন শরিফুল। অনুমোদন ও সমন্বয়ের কাজটি করেন তামিম চৌধুরী, তাঁকে সহযোগিতা করেন শোভন ও শরিফুল। হত্যাকাণ্ডটি ঘটানোর দায়িত্ব ছিল গাইবান্ধার জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর। গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলা ও হত্যার দায়ে তিনি এখন কারাগারে। হত্যা পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে অধ্যাপকের ছবি ও ঠিকানা খুঁজে বের করেন জুলকারনাইন। প্রথমে দুজন তাঁর পিছু নেন। পরে হত্যাকাণ্ডে জড়িত সবাই তাঁকে অনুসরণ করেন। এ দলে যুক্ত হন মাসকাওয়াত। রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র রিপন আলী ইংরেজি বিভাগের রুটিন সংগ্রহ করেন। বগুড়ার জুয়েলের দায়িত্ব ছিল মোটরসাইকেল ও পিস্তল সরবরাহের। কিন্তু অধ্যাপককে কুপিয়ে হত্যার ২০ দিন আগে বগুড়ার শেরপুরে বোমা তৈরির সময় তিনি বিস্ফোরণে নিহত হন। এ ঘটনার পরপর শরিফুল ঢাকায় ফিরে যান। কয়েক দিন পর তিনি আবার রাজশাহী ফিরে আসেন। একই সময়ে চূড়ান্ত হামলার জন্য রাজীব গান্ধী, খায়রুল ইসলাম পায়েল ওরফে বাঁধন ও বাইক হাসান রাজশাহী আসেন। ২২ এপ্রিল রাতে সবাই মিলে অধ্যাপকের শালবাগানের বাড়ির আশপাশে ঘুরে আসেন এবং হামলার চূড়ান্ত প্রস্তুতি নেন।
২৩ এপ্রিল সকাল সোয়া সাতটায় আবদুল্লাহ মাসকাওয়াত রাজশাহীর ভদ্রার মোড়ে বাইক নিয়ে হাজির হন। ভদ্রা থেকে অধ্যাপকের শালবাগানের বাসার দূরত্ব ছিল বড়জোর এক কিলোমিটার। বাইক হাসানের কাছে মাসকাওয়াত বাইকটি রেখে যান। পাঁচ মিনিট পর শরিফুল ও খায়রুল ইসলাম শালবাগানে অধ্যাপকের বাসার সামনে অবস্থান নেন। ৭টা ৪০ মিনিটে অধ্যাপক বাসা থেকে বের হন। এর পরপরই খায়রুল তাঁকে পেছন থেকে তিন–চারটি কোপ দেন। লোকজন জমে যাওয়ার আগেই শরিফুল ও খায়রুল দৌড়ে হাসানের বাইকে উঠে খড়খড়ি বাইপাসের দিকে চলে যান। পরে খায়রুল চলে যান দিনাজপুরে। তিনি জুলকারনাইন ও বাইক হাসানকে নিয়ে নাটোরে বাইক হাসানের ভাড়া বাসায় ওঠেন। ঘণ্টা দুয়েক পর সেখানে হাজির হন রাজীব গান্ধী। শরিফুল ঢাকায় চলে যান।
কে কোথায়?
রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের বিচার চলছে এখন হাইকোর্টে। নিম্ন আদালতে বিচারের রায়ে বগুড়ার শিবগঞ্জের মাসকাওয়াত হাসান ওরফে আবদুল্লাহ ওরফে সাকিব ও শরিফুল ইসলামের মৃত্যুদণ্ড হয়েছে। যাবজ্জীবন সাজা হয়েছে নীলফামারীর মিয়াপাড়ার রহমত উল্লাহ, রাজশাহী নগরের নারিকেলবাড়িয়া এলাকার আবদুস সাত্তার ও তাঁর ছেলে রিপন আলীর। অভিযোগপত্রভুক্ত বাকি তিনজন খায়রুল ইসলাম পায়েল ওরফে বাঁধন, নজরুল ইসলাম ওরফে বাইক হাসান ও তারেক হাসান ওরফে নিলু ওরফে ওসমান রায় ঘোষণার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।