হত্যার পর গৃহবধূর লাশ রেললাইনে ফেলে রাখার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় রেললাইনের ওপর থেকে রিমা খাতুন (২০) নামের এক গৃহবধূর ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রিমার পরিবারের সদস্যদের অভিযোগ, রিমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করে লাশ রেললাইনে ফেলে রেখে গেছে।

আজ শনিবার সকালে রিমার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তাঁর স্বামী জুয়েল হোসেন পলাতক। লাশ উদ্ধার করার খবর পেয়ে রিমার গ্রাম দেওড়ার ক্ষুব্ধ বাসিন্দারা তাঁর শ্বশুরবাড়ি ঘেরাও করে রাখেন। তদন্তের ব্যাপারে পুলিশের আশ্বাস পাওয়ার পর তাঁরা সেখান থেকে সরে যান।

রিমার শ্বশুরবাড়ি ভদ্রকালী গ্রামের প্রতিবেশীরা জানান, প্রায় তিন বছর আগে জুয়েলের সঙ্গে রিমার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। ঘটনার তিন দিন আগেও তাঁদের মধ্যে তুমুল ঝগড়া বাধে। একপর্যায়ে জুয়েল তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর করে ঘরে আটকে রাখেন। গতকাল শুক্রবার দুপুরে রিমা বাপের বাড়ি চলে যাবেন বলে রাস্তায় বের হন। এ সময় স্বামী ও শাশুড়ি জোর করে রিমাকে রাস্তা থেকে ধরে নিয়ে যান।

নিহত রিমার ভাই জিল্লুর রহমানের ভাষ্য, রিমা মোবাইল ফোনে স্বামী ও শাশুড়ির নির্যাতনের কথা তাঁদেরকে জানিয়েছিলেন। নির্যাতন সহ্য করতে না পেরে গতকাল দুপুরে বাবার বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরও হন। কিন্তু স্বামী ও শাশুড়ি জোর করে রিমাকে রাস্তা থেকে ধরে নিয়ে যান। ওই ঘটনার পর গতকাল রাতে স্বামী-শাশুড়িসহ বাড়ির লোকজন রিমাকে অমানুষিক নির্যাতন করে। একপর্যায়ে রিমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার ঘটনা ধামাচাপা দিতে শ্বশুরবাড়ির লোকেরা রাতের বেলা রিমার লাশ রেললাইনের ওপর ফেলে দিয়ে গেছেন।

আজ বেলা ১১টার দিকে ভদ্রকালী গ্রামে গিয়ে দেখা গেছে, রিমার মৃত্যুর খবর পেয়ে তাঁর বাপের বাড়ির কয়েক শ নারী-পুরুষ শ্বশুরবাড়ি ঘেরাও করে রেখেছেন।

রিমার মা লিলি বেগম তাঁর মেয়ের শ্বশুরবাড়ির উঠানের পাশে বসে বিলাপ করছিলেন। রশিদা খাতুন বলেন, ‘তোরা মোর মেয়েক ক্যান মারে ফেলালু। তোরা যা চাছু মুই তোরক তাই দিচু। তাও তোরা মাকে মারে ফালালু।’

তবে হত্যার অভিযোগ অস্বীকার করে রিমার শাশুড়ি রশিদা বেগম বলেন, ‘গতকাল রাতে ছেলের সঙ্গে বউয়ের ঝগড়া হয়েছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়লে ছেলের বউ বাড়ি থেকে পালিয়ে যায়। আজ সকালে তার ট্রেনে কাটা লাশ পাওয়া যায়।’

আক্কেলপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরিদ হোসেন প্রথম আলোকে জানান, রিমাকে নির্যাতন করে হত্যা করার অভিযোগ তুলে শ্বশুরবাড়ি ঘেরাও করেছেন তাঁর গ্রামের লোকেরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

যোগাযোগ করা হলে সান্তাহার জিআরপি থানা পুলিশের পরিদর্শক (ওসি) সাঈদ ইকবাল প্রথম আলোকে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সান্তাহার জিআরপি থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রিমার পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।