হত্যার পর পেট্রল ঢেলে লাশে আগুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের রামনগর এলাকায় মকলেছার রহমান (২৮) নামের এক যুবকের আগুনে পোড়া ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে একটু দূরে মাঠের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ বলেছে, দুর্বৃত্তরা মকলেছারকে হত্যা করার পর মৃতদেহে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে তাদের ধারণা।
নিহত মকলেছারের বাবার নাম দুলু মিয়া (৫৫)। রামনগর মোড় এলাকায় মকলেছার পানের ব্যবসা করতেন।

আজ শনিবার দুলু মিয়া বলেন, গতকাল শুক্রবার মকলেছার দোকান খোলেননি। রাত আটটার দিকে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। সকালে প্রতিবেশীদের কাছে খবর পান, বাসা থেকে একটু দূরে এক ব্যক্তির লাশ পড়ে রয়েছে। তিনি সেখানে গিয়ে লাশটি মকলেছারের বলে শনাক্ত করেন। এরপর থানায় খবর দেওয়া হলে সকাল ১০টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেকুজ্জামান বলেন, পূর্বশত্রুতার জের ধরে মকলেছারকে হত্যা করা হতে পারে। হত্যার পর খুনিরা পেট্রল জাতীয় দাহ্য পদার্থ দিয়ে লাশটি পুড়িয়ে ফেলেছে। আগুনে মকলেছারের প্রায় পুরো শরীরই পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করছে। এ ঘটনায় একটি মামলা করা হবে।