হত্যার পর পোড়ানো হলো যুবকের লাশ!
দিনাজপুর শহরের রামনগর এলাকা থেকে গতকাল শনিবার মকলেছুর রহমান (২৮) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
কোতোয়ালি থানার পুলিশ জানায়, মকলেছুর রামনগর মোড় এলাকায় পরিবারের সঙ্গেই থাকতেন। এলাকায় পান ও সিগারেটের দোকানদারি করতেন তিনি। খবর পেয়ে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মকলেছুরের বাড়ির অদূরে একটি মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। পোড়ানোর কারণে লাশটি কিছুটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। তবে মুখমণ্ডল কম পুড়ে যাওয়ায় মকলেছুরকে শনাক্ত করতে পেরেছে তাঁর পরিবার।
কোতোয়ালি থানার ওসি খালেকুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশ পোড়ানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মকলেছুরের বাবা দুলু মিয়া বলেন, তাঁর পাঁচ ছেলের মধ্যে মকলেছুর তৃতীয়। প্রতিদিন সকালে দোকান খুলত মকলেছুর। কিন্তু গত শুক্রবার সে দোকান না খুলে সারা দিন ঘরেই ছিল। রাত আটটার দিকে ঘর থেকে বের হয়। এরপর আর বাসায় ফেরেনি। গতকাল এলাকার লোকজন মাঠে লাশ পড়ে আছে বলে খবর দেন।
ঘটনার কারণ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি মকলেছুরের বাবা দুলু মিয়া। জমি নিয়ে এলাকার কয়েকজনের সঙ্গে তাঁদের বিবাদ চলছে বলে জানান দুলু মিয়া।