
মহাখালীর ডিওএইচএসের নিজ বাসায় গত বুধবার সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ওয়াজি আহমেদ চৌধুরীকে (৭৬) হত্যা করা হয়েছে। সাবেক এই সেনা কর্মকর্তার বাড়ির তত্ত্বাবধায়ক তাঁকে খুন করে ওই বাসা থেকে টিভি, ল্যাপটপসহ মালামাল নিয়ে গেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বুধবার রাতে ওয়াজি আহমেদের ভাতিজা রেশাদ আহমদ চৌধুরী বাদী হয়ে বাড়ির তত্ত্বাবধায়ক আবদুল আহাদ ও তাঁর সহযোগীদের আসামি করে কাফরুল থানায় হত্যা মামলা করেন। হত্যাকাণ্ড নিয়ে পুলিশও একই কথা বলছে। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহাম্মদ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বাড়ির তত্ত্বাবধায়ক আবদুল আহাদ এই হত্যাকাণ্ড ঘটিয়ে ওই বাসা থেকে টাকা ও মালামাল নিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে। আহাদকে গ্রেপ্তার করা গেলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এতে কারা জড়িত, তা জানা যাবে। পুলিশ জানায়, আবদুল আহাদের (৩৫) গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ থানার মালপাড়ায়।
পারিবারিক সূত্র জানায়, ওয়াজি আহমেদ চৌধুরী (৭৬) ১৯৯২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের পদ থেকে অবসরে যান। তিনি মহাখালীর ডিওএইচএসের ৪ নম্বর সড়কের ১৪৮ নম্বরের পাঁচতলা নিজ বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন। তাঁর সঙ্গে থাকতেন ছোট ছেলে ফুয়াদ আহমেদ চৌধুরী (৪০) ও বাড়ির তত্ত্বাবধায়ক আবদুল আহাদ। ফুয়াদ গুলশানে বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা। বাড়ির অন্য তলাগুলো ভাড়া দেওয়া। সাবেক এই সেনা কর্মকর্তার স্ত্রী আতিয়া চৌধুরী ছয় বছর আগে মারা যান। তাঁদের বড় ছেলে নাবিদ আহমেদ চৌধুরী (৪৪) সপরিবার যুক্তরাষ্ট্রে থাকেন। ওয়াজির গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ থানার ফুলবাড়ী।
মামলায় বলা হয়, আসামি মো. আবদুল আহাদ তাঁর সহযোগীদের যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১০টার মধ্যে ওয়াজি আহমেদ চৌধুরীকে হত্যা করে বাসা থেকে ল্যাপটপ, টিভি, মুঠোফোনসহ ১ লাখ ২১ হাজার টাকার মালামাল নিয়ে যান। ফুয়াদ মঙ্গলবার গভীর রাতে তাঁর কক্ষে ঘুমান। ঘুম থেকে জাগেন পরদিন বুধবার দুপুর ১২টায়।
মামলায় আরও বলা হয়, ফুয়াদ ঘুম থেকে জেগে ওঠার পর দেখতে পান তাঁর কক্ষটি বাইরে থেকে তালা লাগানো। তখন তিনি দরজার ফাঁক দিয়ে দেখেন বসার ঘরের দেয়ালে থাকা ৪০ ইঞ্চি দৈর্ঘ্যের টিভিটি নেই। পরে তিনি ব্যালকনি (গ্রিল নেই) বেয়ে বাড়ির সানসেটে নামেন। সেখান থেকে নেমে বাড়ির নিচতলায় ঢোকেন এবং নিচতলায় ভাড়া নেওয়া প্রতিষ্ঠানের কর্মচারীদের নিয়ে দোতলায় ওঠেন। কিন্তু দোতলায় তাঁদের বাসায় ঢোকার প্রধান ফটকটিকে তালা লাগানো ছিল। পরে তাঁরা প্রধান ফটক ভেঙে বাসায় ঢোকার পর সাবেক সেনা কর্মকর্তার ঘরটি তালাবদ্ধ দেখতে পান। পরে ওই ঘরের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে দেখেন খাটের ওপর ওয়াজি আহমেদের গলায় রশি প্যাঁচানো। পরে তাঁকে দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফুয়াদ কানে কম শোনেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী রেশাদ আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, দুই মাস আগে আবদুল আহাদ তাঁর চাচার বাড়ির তত্ত্বাবধায়ক হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। বাড়ির ভাড়া তোলা থেকে শুরু করে বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল আহাদই জমা দিতেন। চাচা সকালে ঘুম থেকে উঠে বাড়ির কাছের ক্লাবে যেতেন এবং সময়মতো মসজিদে সময় কাটাতেন।
খুন করার পর সুরক্ষিত ডিওএইচএস এলাকা থেকে খুনিরা মালামালসহ কীভাবে পালিয়ে গেল, এমন প্রশ্নের জবাবে রেশাদ বলেন, পরিকল্পনামতো হয়তো মালামাল নিতে আগে থেকেই এখানে গাড়ি এনেছিলেন আহাদের সহযোগীরা।
ময়নাতদন্তকারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ বলেন, পা বেঁধে, গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে ওয়াজিকে হত্যা করা হয়েছে বলে আলামত মিলেছে।