হত্যার পর লাশ নদীতে ভাসিয়ে দেয় চাচাতো ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামে আপন চাচাতো ভাই রিফাতকে (১৪) শ্বাসরোধে হত্যার পর লাশ মধুমতী নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনা স্বীকার করার পর রিফাতের চাচাতো ভাই সৈয়দ সোহাগকে (২০) গতকাল শুক্রবার পুলিশে সোপর্দ করা হয়।
নিহত রিফাত লাহুড়িয়া গ্রামের সৈয়দপাড়ার সৈয়দ সাহিদ আলীর ছেলে। সে লাহুড়িয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ত। গ্রেপ্তার হওয়া সোহাগ একই মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র।
লোহাগড়া থানায় আটক অবস্থায় সোহাগ প্রথম আলোকে বলেন, ‘রিফাত তার মোবাইল ফোন আমার কাছে বিক্রি করে। পরে পরিবারের কাছে অভিযোগ করে, আমি তার মোবাইল চুরি করেছি। এতে ক্ষিপ্ত হয়ে গত শনিবার সন্ধ্যার পর তাকে মধুমতী নদীর কালিশংকরপুর ঘাটে নিয়ে যাই। সেখানে কানে-মুখে থাপড় মারি। এতে সে অসুস্থ হয়ে পড়ে। বাড়িতে থাপড়ের কথা বলে দেবে—এই ভেবে তাকে গলা টিপে হত্যা করে নদীতে ফেলে দেই।’
নিহত রিফাতের মামা মো. শাহাজাহান কবীর প্রথম আলোকে বলেন, ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রিফাত ও সোহাগ নিখোঁজ ছিল। সোহাগ গতকাল ভোররাতে বাড়িতে আসে। এরপর পরিবার ও এলাকার লোকজনের কাছে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রিফাতকে হত্যার কথা স্বীকার করেন সোহাগ। তখন তাঁকে পুলিশে দেওয়া হয়।