হত্যার পর লাশ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কোয়ারিয়া এলাকায় গত সোমবার রাতে আব্বাস উদ্দিন (৩০) নামের এক ব্যক্তিকে গলা কেটে ও পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি লক্ষ্মীপুরের নাছির বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গেছে।
আব্বাসের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার নবগঠিত চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামে। তাঁর বাবার নাম ফজল হক ওরফে মনু মিয়া। আব্বাসের ভাই সাহাবুদ্দিন অভিযোগ করেন, তাঁর ভাই সোমবার বিকেলে বেগমগঞ্জের বাংলা বাজারের বাসস্ট্যান্ডে ছিলেন। লক্ষ্মীপুর সদরের পাঁচপাড়া গ্রামের সহিদ ডাকাতের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁকে সেখান থেকে অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়। পরে বেগমগঞ্জের আমানউল্লাপুর ইউনিয়নের কোয়ারিয়া এলাকায় গলা কেটে ও পুড়িয়ে তাঁকে হত্যা করে সন্ত্রাসীরা।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে আব্বাসের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় পাঁচটি মামলা রয়েছে। বেগমগঞ্জ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, আব্বাস চন্দ্রগঞ্জের নাছির বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। সেখানকার কোনো সন্ত্রাসী গোষ্ঠী তাঁকে হত্যা করতে পারে।
তবে আব্বাসের আরেক ভাই ওমর ফারুক গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা ছয় ভাই। আমাদের কেউ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়।’
স্থানীয় একাধিক সূত্র জানায়, সোমবার রাত আটটার দিকে কোয়ারিয়া গ্রামের শাহ আলমের বাড়ির আনুমানিক ৫০০ গজ দূর থেকে হঠাৎ চিৎকার শোনা যায়। কিছুক্ষণ পর সেখানে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে যায়। এ সময় কয়েকটি মোটরসাইকেল ও অটোরিকশায় চড়ে কিছু লোক চলে যায়। স্থানীয় লোকজন রাস্তার পাশে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক বেগমগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে আব্বাসের স্ত্রী রোকেয়া বেগম ঘটনাস্থলে গিয়ে লাশটি তাঁর স্বামীর বলে শনাক্ত করেন। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে আব্বাসের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, আগুনে লাশের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। ১০-১২ জন দুর্বৃত্ত আব্বাসকে হত্যার পর লাশে আগুন ধরিয়ে দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।