হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের রামনগর এলাকায় মকলেছুর রহমান নামের এক যুবককে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে রামনগর মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। গতকাল রোববার পুলিশ তাঁদের এক দিনের রিমান্ডে নেয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রামনগর এলাকার শফিকুল ইসলাম (২৮) ও লালবাগ এলাকার মোর্শেদুর রহমান (২৯)।
পান দোকানদার মকলেসুর পরিবারের সঙ্গে রামনগর মোড় এলাকায় থাকতেন। গত শুক্রবার রাতে তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। গত শনিবার সকালে বাড়ি থেকে অদূরে একটি মাঠ থেকে তাঁর দগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার পর দুর্বৃত্তরা লাশে আগুন দিয়েছিল বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে। এ ঘটনায় গতকাল সকালে মকলেসুরের ভাই মকসেদ আলী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। শফিকুল ও মোর্শেদুরকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল দিনাজপুর সদর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত তাঁদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোতোয়ালি থানার ওসি খালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, শফিকুল মুদি দোকানদার। মোর্শেদুর কিছুই করেন না। ঘটনায় জড়িত সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।