
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠন। দেশের ২২ জন বিশিষ্ট নাগরিক সরকারের কাছে প্রশ্ন রেখেছেন, এই হত্যার মিছিলের অবসান কবে হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বলেছে, অতীতের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় এই লাগামহীন হত্যাযজ্ঞ। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় সমিতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করবে।
গতকাল রোববার বিভিন্ন ছাত্র-যুব-রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা বিবৃতি দিয়ে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান।
২২ বিশিষ্ট ব্যক্তি স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে বলা হয়, ‘রাজীব, শফিকুল, অভিজিৎ, নীলাদ্রি থেকে শুরু করে একইভাবে হত্যা করা হলো রেজাউল করিম সিদ্দিকীকে। সরকারের কাছে দেশবাসীর প্রশ্ন, এই মিছিল কি চলতেই থাকবে? আমরা অবিলম্বে হত্যাকারীদের বিরুদ্ধে সকল দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। সরকারের কাছে আমাদের দাবি, এই মৃত্যুর মিছিল বন্ধের জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিন। দেশবাসী এ ধরনের লাশ দেখতে চায় না।’ সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বিবৃতিটি পাঠান।
বিবৃতিদাতারা হলেন মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, বিচারপতি কাজী এবাদুল হক, অজয় রায়, সারওয়ার আলী, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, খোন্দকার ইব্রাহিম খালেদ, রশিদ-ই-মাহবুব, অধ্যাপক শওকত আরা হোসেন, নূর মোহাম্মদ তালুকদার, অধ্যাপক এম এম আকাশ, জিয়াউদ্দিন তারেক আলী, রোকেয়া কবীর, নুমান আহম্মদ খান, ডা. শহিদুল্লাহ সিকদার, আবুল মোমেন, অসিত বরণ রায়, সৌমিত্র শেখর, লেনিন চৌধুরী, আইনজীবী জাহিদুল বারি, আবদুল মতিন ভূঁইয়া ও আইনজীবী ফয়েজ আহমেদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এক বিবৃতিতে বলেন, অতীতের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় জঙ্গিগোষ্ঠীগুলো লাগামহীনভাবে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। শুধু সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জঙ্গিগোষ্ঠীগুলোর এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব।
হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই বলে দাবি করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ। তাঁরা বলেন, সরকার তার সমালোচক ও বিরোধীদের ঠেকাতে নানা নিপীড়নের পথ গ্রহণ করেছে, অথচ খুনিদের ধরতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. নূর খান বলেন, অধ্যাপক রেজাউল করিমের হত্যাকাণ্ড প্রগতিশীল মানুষদের একের পর এক হত্যার ধারাবাহিকতারই অংশ।
হত্যাকাণ্ড পুনরাবৃত্তি রোধে রাষ্ট্র, সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনকে আরও গভীর বিবেচনা ও প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এক বিবৃতিতে এ দাবি জানান।
অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে আরও বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার ও সাধারণ সম্পাদক জি এম জিলানী, বাংলাদেশ লেখক শিবিরের পক্ষ থেকে দপ্তর সম্পাদক মহিউদ্দীন আহমেদ।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ ছাত্র মৈত্রী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ আগামীকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় শাহবাগে এ ঘটনার প্রতিবাদে মশাল মিছিল হবে বলে ঘোষণা দেন।