হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ
নাটোরের গুরুদাসপুর উপজেলার হারুনর রশিদ (৭০) হত্যার রহস্য ২৬ দিনেও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এ কারণে এই হত্যার বিচার পাওয়া নিয়ে শঙ্কায় আছেন নিহতের পরিবারের সদস্যরা।
গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. তৈয়েব আলী খান গতকাল বুধবার বলেন, ‘গ্রেপ্তার করা সন্দেহভাজন আসামি জিয়ারুলকে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এসব তথ্য বলা যাচ্ছে না। এ ছাড়া আরেক আসামি আজিমের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে হত্যার কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যাবে।’
নিহত হারুনর রশিদের ছেলে ও মামলার বাদী আবদুল মজিদ বলেন, তিনি চাকরির কারণে এলাকার বাইরে থাকেন। তাঁর বাবা বৃদ্ধ এবং সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন। কী কারণে তাঁর বাবাকে হত্যা করা হলো তা তাঁর জানা নেই। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি চান।
থানা-পুলিশ সূত্র জানায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে ১ আগস্ট রাতে নিজ বাড়িতে অজ্ঞাত ব্যক্তিদের ছুরিকাঘাতে হারুনর রশিদ নিহত হন। পরদিন আবদুল মজিদ থানায় হত্যা মামলা করেন। ঘটনার এক সপ্তাহ পর পুলিশ সন্দেহভাজন হিসেবে একই গ্রামের আয়েজ উদ্দিন (৩০), জিয়ারুল ইসলাম (৩৫) ও আজিমকে (২৮) আটক করে।