হত্যার শঙ্কা দল ও পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোহাম্মদ শাহাদাৎ হোসেন ওরফে ছোটন নামের যুবদলের এক নেতাকে গত সোমবার রাতে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। দল ও পরিবারের শঙ্কা, তাঁকে হত্যা করা হয়েছে।
শাহাদাৎ হোসেন (৪০) সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে ছলিমপুর বাংলাবাজার এলাকার ভাড়া বাসায় থাকেন। একটি প্রতিষ্ঠানের দারোয়ান হিসেবে কাজ করেন।
ছলিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, শাহাদাৎকে তুলে নেওয়ার পর কুপিয়েছে সন্ত্রাসীরা। যে পথ ধরে নিয়েছে, পুরো পথেই রক্ত পড়ে ছিল। তাঁকে মেরে ফেলা হয়েছে। নইলে কোনো-না-কোনো হাসপাতালে তাঁকে ভর্তি করানো হতো। দলের জ্যেষ্ঠ নেতাদের বিষয়টি জানানো হয়েছে।
শাহাদাতের ভাই মো. মাসুদও আশঙ্কা করছেন, তাঁর ভাইকে সন্ত্রাসীরা মেরে ফেলেছে। তাঁর ভাষ্যমতে, জঙ্গল ছলিমপুরের একটি সন্ত্রাসী বাহিনীর লোকজন সোমবার রাত একটার দিকে ঘরের দরজা ভেঙে তাঁর ভাইকে তুলে নিয়ে যায়। পরে তাঁকে ছাড়িয়ে আনার জন্য নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তাঁরা। এ ঘটনায় মঙ্গলবার থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, ‘হয়তো অভিযোগ করতে এসে থানার গেট বন্ধ দেখে তাঁর (শাহাদাৎ) পরিবারের সদস্যরা ফিরে গেছেন। তাঁদের (বুধবার রাতে) ডেকেছি। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ ওসি জানান, শাহাদাতের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় ২০টি মামলা আছে। এ পর্যন্ত দুবার গ্রেপ্তার হয়েছেন তিনি। পরে জামিনে মুক্তি পান।
শাহাদাতের ভাই মাসুদ বলেন, রাজনৈতিকভাবে তাঁর ভাইয়ের শত্রুতা থাকতে পারে। তাঁর ব্যক্তিগত কোনো শত্রু নেই।