হত্যার শিকার গৃহকর্মীদের ৭০ শতাংশই শিশু

হত্যা, ধর্ষণ, আত্মহত্যার শিকার গৃহকর্মীদের বড় অংশের বয়স ১৮ বছরের কম। ঝুঁকি থাকলেও শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ কাজের তালিকায় নেই গৃহকর্ম। এদের সুরক্ষায় নীতিমালা আছে, তবে আইন নেই। নজরদারিও নেই। মামলা যদি-বা হয়, ঝুলে থাকে। নয়তো আপস হয়ে যায়।
মানবাধিকারবিষয়ক সংস্থা বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) বছরওয়ারি তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৫ ও ২০১৬ সালে মোট ১৯০ জন গৃহকর্মী নির্যাতিত হয়েছেন, যার মধ্যে প্রায় ৬০ শতাংশ ঘটনায় আক্রান্ত গৃহকর্মীর বয়স ১৮ বছরের নিচে। পাশাপাশি হত্যার শিকার গৃহকর্মীদের প্রায় ৭০ শতাংশই শিশু।
সংস্থাটি ১৩টি জাতীয় দৈনিক সংবাদপত্রে প্রকাশিত খবর ও নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে এ তথ্য পেয়েছে। তথ্য আরও বলছে, ধর্ষণের শিকার গৃহকর্মীদের ৭০ শতাংশের বেশি শিশু। একই হার দেখা গেছে আত্মহত্যাকারী শিশুদের ক্ষেত্রেও। আইনজীবী ও মানবাধিকারকর্মীদের মতে, শিশুদের প্রতিরোধক্ষমতা কম, তারা প্রতিবাদ করতে ভয় পায়। পাশাপাশি বিচারে দীর্ঘসূত্রতা ও আক্রান্ত শিশুদের অভিভাবকদের আপসের মনোভাব নির্যাতনকে উৎসাহিত করে। প্রতিরোধে দরকার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) বয়সভিত্তিক গৃহশ্রমিক দুর্ঘটনা ও নির্যাতনের পরিসংখ্যানেও এমন প্রবণতা দেখা গেছে। বিলসের তথ্য বলছে, নির্যাতনের শিকার গৃহকর্মীদের ৭৮ শতাংশই শিশু। ২০১৬ সালে ৬০টি গৃহকর্মী নির্যাতনের ঘটনায় আক্রান্ত ৪৭ কর্মীর বয়স ১৮-এর নিচে। এর মধ্যে ২৩টি ঘটনায় আক্রান্ত কর্মীর বয়স ৫ থেকে ১২-এর মধ্যে।
শিশু গৃহকর্মীরা হত্যা, ধর্ষণের পাশাপাশি নানা রকম নির্যাতনেরও শিকার হয়। ‘হিডেন স্লেভারি: চাইল্ড ডোমেস্টিক ওয়ার্কার্স’ শীর্ষক বাংলাদেশ শিশু অধিকার ফোরামের (বিএসএএফ) একগবেষণায় দেখা গেছে, শিশু গৃহকর্মীদের ৮৩ শতাংশই মেয়েশিশু। আর এদের প্রায় ৬০ শতাংশ শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করে আর যৌন হয়রানির শিকার হয় ২০ শতাংশ মেয়েশিশু। ২০১৫ সালে ঢাকা বাদে ১০টি শহরে গবেষণাটি পরিচালিত হয়।
আইএলওর জাতীয় প্রকল্পের সমন্বয়ক সৈয়দা মুনিরা সুলতানা বলেন, নীতিমালা অনুযায়ী ১৪ বছরের নিচে শিশুরা গৃহকর্মে নিয়োজিত হতে পারবে না। তবে ১২ থেকে ১৪ বছরের শিশুরা হালকা কাজ করতে পারবে। কিন্তু নীতিমালায় হালকা কাজের কোনো সংজ্ঞা নেই।
২০১৩ সালে সরকার শিশুদের জন্য ৩৮টি ঝুঁকিপূর্ণ কাজের তালিকা প্রকাশ করেছে। কিন্তু ঝুঁকি থাকলেও এ তালিকায় অন্তর্ভুক্ত হয়নি গৃহকর্ম।
এ বিষয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক প্রথম আলোকে বলেন, শিশুদের প্রতি নির্যাতন বন্ধে গৃহকর্মী সুরক্ষা আইন দরকার। কিন্তু দেশের কয়েক লাখ শিশুর রোজগারের কথা ভেবে করা যাচ্ছে না। রোজ আট ঘণ্টা কাজের চুক্তি বা সাপ্তাহিক ছুটি দেওয়ার মতো মানসিকতা এখনো নিয়োগকারীদের গড়ে ওঠেনি। তবে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে খুব শিগগির কিছু উদ্যোগ নেওয়া হবে।
গৃহকর্মী মোট ঘটনা ১৮ বছরের
নির্যাতনের ধরন (২০১৫-১৬) কম বয়সী
নির্যাতন ১৯০ ১১১
হত্যা ৪৮ ৩৩
ধর্ষণ ২২ ১৬
আত্মহত্যা ১৮ ১৩
সূত্র: বিএনডব্লিউএলএ