হত্যার সাত দিন পর মেঝে খুঁড়ে ব্যবসায়ীর লাশ
সাত দিন আগে সাইফুল কবির (৩৫) নামের এক ব্যবসায়ীকে হত্যা করে তাঁর লাশ খিলক্ষেত থানার পিংক সিটির একটি গ্যারেজে পুঁতে রাখা হয়েছিল। গতকাল বুধবার গ্যারেজের মালিক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করে তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে রাতে মাটি খুঁড়ে ওই ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
খিলক্ষেত থানার ওসি নজরুল ইসলাম বলেন, পুলিশের কাছে গোপন খবর আসে যে পিংক সিটি এলাকায় আবদুল ওয়াদুদ তাঁর মোটরগাড়ির গ্যারেজে ব্যবসায়ী সাইফুলকে হত্যা করে লাশ মেঝেতে পুঁতে রেখেছেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশ গতকাল ওয়াদুদ ও তাঁর সহযোগী কামাল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা সাইফুলকে হত্যার কথা স্বীকার করেন। তাঁদের তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে ওয়াদুদের পাকা গ্যারেজের মেঝে খুঁড়ে সাইফুলের লাশ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। লাশটিতে পচন ধরেছে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ওয়াদুদ ও তাঁর সহযোগী কামাল জানান, সাইফুল জনশক্তি রপ্তানি ব্যবসায় জড়িত। সাইফুলের কাছে তাঁদের টাকা পাওনা ছিল। এ টাকা না দেওয়ায় তাঁরা সাইফুলকে পিটিয়ে হত্যা করেন। পরে লাশ গ্যারেজের মাটিতে পুঁতে রাখেন। এ ঘটনায় থানায় হওয়া হত্যা মামলায় ওয়াদুদ ও কামালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।