হত্যার হুমকি দিয়ে নলডাঙ্গার শিক্ষা কর্মকর্তাকে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহার (কোরবানির ঈদ) আগেই নাটোরের নলডাঙ্গা উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমারকে কোরবানি করার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। একই চিঠিতে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর কুমারকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে গত বৃহস্পতিবার রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নলডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার বলেন, বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডাকযোগে একটি চিঠি আসে। হলুদ খামে পাঠানো এক পৃষ্ঠার ওই চিঠিটি সাদা কাগজে হাতে লেখা। ইউএনওকে সম্বোধন করে ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘আগামী কোরবানির ঈদের আগেই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমারকে সরিয়ে দিতে হবে। নইলে তাকে ঈদের আগেই কোরবানি দেওয়া হবে। কেউ তাকে বাঁচাতে পারবে না।’ চিঠিতে আরও বলা হয়, ‘প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পরেই নলডাঙ্গার ওসি সুবীর কুমারকে হত্যা করা হবে। উপজেলায় কোনো মালায়নকে চাকরি করতে দেওয়া হবে না।’