হত্যার ১৯ দিন পর প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর বালুরচর গ্রাম থেকে মোজাহের মিয়া (৩১) নামের এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আনোয়ার হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত আড়াইটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার আজিজনগর স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার হোসেন উপজেলার খুটাখালী ইউনিয়নের হাজীপাড়ার নবী হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত ১৮ আগস্ট সকালে খুটাখালীর বালুরচর গ্রামের ধানখেত থেকে মোজাহের মিয়ার মস্তকবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) অপু বড়ুয়া বাদী হয়ে ১৯ আগস্ট অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পরদিন ২০ আগস্ট সকালে ঘটনাস্থলের পাঁচ শ গজ দূরে মোজাহের মিয়ার মস্তক উদ্ধার করা হয়। ২৮ আগস্ট চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মোজাহের মিয়ার বাবা নুর মোহাম্মদ চারজনকে মামলায় অন্তর্ভুক্তির আবেদন করেন। আসামিরা হলেন, মোজাহের মিয়ার স্ত্রীর খালাতো ভাই আনোয়ার হোসেন, তাঁর ভাই জাহিদ হোসেন, মোজাহের মিয়ার প্রতিবেশী এজাহার মিয়া ও নুরুল আবছার। আবেদনে নুর মোহাম্মদ দাবি করেন, তাঁর ছেলেকে ঘর থেকে ডেকে নিয়ে এই চার আসামির যোগসাজশে হত্যা করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর প্রথম আলোকে বলেন, নারীঘটিত বিরোধের কারণে মোজাহের মিয়াকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আরও কয়েকটি কারণ সামনে রেখে তদন্ত চলছে। গ্রেপ্তার আনোয়ারকে বৃহস্পতিবার চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।