হত্যার ৪৫ মাসে 'আমিই ত্বকী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সন্ধ্যায় চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে ত্বকীর হত্যার ৪৫ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আলোক প্রজ্বালন অনুষ্ঠানের আয়োজন করে l ছবি: প্রথম আলো
গতকাল সন্ধ্যায় চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে ত্বকীর হত্যার ৪৫ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আলোক প্রজ্বালন অনুষ্ঠানের আয়োজন করে l ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৪৫ মাস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের চাষাঢ়ায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পারফর্মিং আর্ট ও আলোক প্রজ্বালন অনুষ্ঠান হয়েছে। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত অনুষ্ঠানের শুরুতে শিল্পী অমল আকাশের পারফর্মিং আর্ট ‘আমিই ত্বকী’ প্রদর্শিত হয়।

প্রদর্শনীতে অংশগ্রহণকরী কলাকুশলী ও উপস্থিত দর্শকদের সবার মুখমণ্ডলই হয়ে ওঠে ত্বকীর মুখ। সবাই অন্ধকার ভেদ করে বেরিয়ে আসেন আলো হাতে। প্রজ্বলিত মশালের আলোয় উদ্ভাসিত হয় শহীদ মিনার।

অনুষ্ঠানে ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, হাজার হাজার বছর আগে পাথরে পাথর ঘষে আলো জ্বালিয়ে মানুষ সভ্যতার সূচনা করেছিল। সমাজ-সভ্যতার উষালগ্ন থেকে অন্ধকার ভেদ করে আলোয় বেরিয়ে আসার আকুতি মানুষের। কিন্তু অশুভ চক্র বারবার নেভাতে চেয়েছে সমাজের আলো, সমাজকে করেছে অন্ধকার। মানবজাতি অন্ধকার দূর করে সমাজ থেকে সমাজে, যুগে যুগে আলো থেকে আলো জ্বালিয়েছে। মানুষের এই আলো জ্বালবার ইতিহাসই সভ্যতার ইতিহাস। তিনি বলেন, ত্বকীর ঘাতকেরা মানুষকে অন্ধকারে নিয়ে যেতে চায়, কারণ তারা অন্ধকারের বাসিন্দা। কিন্তু দুর্বৃত্তদের কখনো ঠাঁই দেয়নি সমাজ ও ইতিহাস। রাষ্ট্র-প্রশাসন যতই তাদের পক্ষে থাক, পাশে থাক; শেষ রক্ষা তাদের কখনো হয়নি, হবেও না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা, সাবেক সভাপতি ভবানী শংকর রায়, জাহিদুল হক দীপু, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক হিমাংশু সাহা প্রমুখ।    

২০১৩ সালের ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ ও খুন করা হয়। ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার সুলতান শওকত ওরফে ভ্রমর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, আজমেরী ওসমানের নেতৃত্বে কলেজ রোড এলাকায় তাঁর টর্চার সেলে নির্যাতন চালিয়ে ত্বকীকে হত্যা করা হয়।