হত্যাসহ সাতটি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যা মামলাসহ সাত মামলার পলাতক আসামি গাইবান্ধার পলাশবাড়ী থানা বিএনপির সভাপতি শাহ আলম সরকারকে (৫৯) লালমনিরহাট সদর থানার পুলিশ গ্রেপ্তার করেছে।
গত বুধবার সন্ধ্যা ছয়টার দিকে লালমনিরহাট শহরের মিশন মোড়ে সেনা মৈত্রী মার্কেট মসজিদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাহ আলম সরকার পলাশবাড়ী এস এম বি উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক। তিনি পলাশবাড়ী উপজেলার গৃধারীপুর গ্রামের বাসিন্দা।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, গোপনে তাঁর অবস্থান জানার পর বুধবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। ওসি জানান, শাহ আলম সরকারের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলাসহ সাতটি মামলা রয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শাহ আলম সরকারকে লালমনিরহাট আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।