এসপির স্ত্রী হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ গ্রেপ্তার ২: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তারের দাবি করা হয়েছে। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য আজ মঙ্গলবার এই দাবি করেন।

দেবদাস ভট্টাচার্য্যের ভাষ্য, নগরের বাকলিয়া এলাকা থেকে এহতেশামুল হক ওরফে ভোলা ও মনির নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে ভোলাকে এবং আজ ভোররাতে মনিরকে গ্রেপ্তার করা হয়। মনিরের কাছে দুটি পিস্তল ও ছয়টি গুলি পাওয়া যায়। এর মধ্যে একটি পিস্তল মাহমুদা হত্যায় ব্যবহৃত হয়েছে।

দেবদাস ভট্টাচার্য্য বলেন, মাহমুদা হত্যা মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা বলেছেন, হত্যায় ব্যবহারের জন্য ভোলা দুটি অস্ত্র সরবরাহ করেছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে ভোলাকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যে মনিরও গ্রেপ্তার হন। পিস্তল ও গুলি মনিরের কাছে রেখেছিলেন ভোলা।

ভোলা ও মনিরের বিরুদ্ধে বাকলিয়া থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানায় পুলিশ।

দেবদাস ভট্টাচার্য্য জানিয়েছেন, মাহমুদা হত্যা মামলায় ভোলাকে গ্রেপ্তার দেখিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। আজ তাঁকে আদালতে তোলা হবে।

৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা।

ঘটনার পর পুলিশ জানায়, জঙ্গি দমনে বাবুলের সাহসী ভূমিকা ছিল। এ কারণে জঙ্গিরা তাঁর স্ত্রীকে খুন করে থাকতে পারে।

হত্যাকাণ্ডের পর বাবুল বাদী হয়ে অজ্ঞাতপরিচয়ের তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

মামলায় দুই আসামি মোতালেব মিয়া ওরফে ওয়াসিম ও মো. আনোয়ারকে গত শনিবার গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। পরদিন তাঁরা দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আদালত সূত্র জানায়, জবানবন্দিতে দুজন বলেন, মাহমুদা হত্যায় ব্যবহারের জন্য ভোলা নামের এক ব্যক্তি দুটি অস্ত্র সরবরাহ করেছিলেন। ভোলার কাছ থেকে অস্ত্র আনেন মুছা। মুছা নিজেও হত্যাকাণ্ডে অংশ নেন।

মুছাকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না, এ বিষয়ে গতকাল পর্যন্ত পুলিশ স্পষ্ট করে কিছু বলেনি।

মামলার তদন্ত-সংশ্লিষ্ট নগর পুলিশের একাধিক কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, মাহমুদা হত্যাকাণ্ডে অংশ নেওয়া সাত-আটজন আসামি পুলিশের নজরদারিতে রয়েছেন। যেকোনো সময় পুলিশ তাঁদের আটক কিংবা গ্রেপ্তার দেখাতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল বলেন, এই হত্যার সঙ্গে জড়িত আরও দু-একজন ধরা পড়বে বলে তিনি নিশ্চিত।