হত্যায় যুক্ত সন্দেহে আরও দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ মনজুরুল ইসলাম হত্যার সঙ্গে যুক্ত সন্দেহে আশরাফুল আলম ও জহিরুল ইসলাম নামে দুজনকে রাজধানীর বাড্ডা থেকে আটকের কথা জানিয়েছে র্যা ব। আশরাফুল সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইউনুস আলীর ছেলে।
র্যা বের ভাষ্যমতে, তাঁরা ওই হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন। মামলার তদন্তসংশ্লিষ্ট গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার একজন কর্মকর্তা বলেছেন, আশরাফুল ওই হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন, তবে প্রধান নন।
এদিকে আশরাফুলের মা দাবি করেছেন, ওই হত্যাকাণ্ডের পরে আশরাফুলসহ তাঁর তিন ছেলেকে তুলে নেওয়া হয়। আশরাফুলের খোঁজ মিললেও অন্যদের খোঁজ মেলেনি।
গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে সাংসদ মনজুরুল ইসলাম লিটন নিহত হন। ১৩ দিনেও সাংসদের হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় এলাকায় প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার বামনডাঙ্গার জামালহাট থেকে কালীতলা বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার মানববন্ধন করে এলাকাবাসী।
র্যা বের পক্ষ থেকে গতকাল দুপুরে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় বলা হয়, গত বুধবার রাতে বাড্ডা থেকে আশরাফুল ও জহিরুলকে আটক করা হয়। র্যা বের একজন কর্মকর্তা বলেন, ২০১৩ সালে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে চার পুলিশ হত্যা মামলার আসামি আশরাফুল। তাঁর বিরুদ্ধে সে সময় নাশকতার কিছু মামলাও রয়েছে। ৩১ ডিসেম্বর সাংসদ মনজুরুলকে হত্যার দিন বেলা তিনটার দিকে তিনি নিজের কালো রঙের পালসার মোটরসাইকেলটি নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন। এরপর থেকেই তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। আশরাফুলের বাড়ি সুন্দরগঞ্জের দক্ষিণ শিবরাম গ্রামে।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. আতিয়ার রহমান বিকেলে মুঠোফোনে বলেন, আশরাফুল ও জহিরুলের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় নাশকতার মামলা রয়েছে। বিকেল চারটা পর্যন্ত তাঁদের থানায় সোপর্দ করা হয়নি।
ওই দুজন পুলিশের তদন্তেও প্রধান সন্দেহভাজন কি না, জানতে চাইলে থানার তদন্তসংশ্লিষ্ট একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁরা সন্দেহভাজন। পুলিশ সন্দেহ করছে, আশরাফুলের কালো পালসার মোটরসাইকেলটি হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছে। আটক হওয়া আশরাফুলের বাড়ি যেখানে, সেই একই ইউনিয়নে নিহত সাংসদের শ্বশুরবাড়ি।
পরিবারের অভিযোগ
গতকাল আশরাফুলদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। আশরাফুলের বাবা ইউনুস আলীর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তিনি পলাতক। তাঁর চার ছেলের মধ্যে সবার বড় সাইফুল ইসলাম এলাকায় ব্যবসা করেন। তাঁর বিরুদ্ধেও নাশকতার মামলা রয়েছে। দ্বিতীয় ছেলে সাব্বির আহমেদ ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তৃতীয় ছেলে রংপুরে পড়েন। সবার ছোট আশরাফুল।
আশরাফুল ইসলামের মা রেবেকা বেগম মুঠোফোনে বলেন, ৪ জানুয়ারি রাতে ঢাকার উত্তর বাড্ডা এলাকার বাসা থেকে তাঁর দুই ছেলেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। আশরাফুলের খোঁজ মিললেও এখন পর্যন্ত দ্বিতীয় ছেলে সাব্বিরের কোনো খোঁজ মেলেনি। মায়ের দাবি, তাঁরা কেউ হত্যার ঘটনায় জড়িত নন। তাঁদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে।
সাইফুলের স্ত্রী হালিমা বেগম বিকেলে বলেন, তাঁর স্বামীকে ১০ জানুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে দিনাজপুর থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে তাঁরও খোঁজ মিলছে না।