হত্যায় 'নীরব সম্মতির' অভিযোগে উপাচার্যের পদত্যাগ দাবি
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনের পদত্যাগ দাবি করেছে ছাত্রলীগের একটি অংশ। ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ ওরফে সোহেল হত্যাকাণ্ডে উপাচার্যের ‘নীরব সম্মতি’ ছিল বলে অভিযোগ এনে তাঁর পদত্যাগ দাবি করা হয়।
নাসিম আহমেদ হত্যার বিচারের দাবিতে নগর এবং বিভিন্ন কলেজের ছাত্রলীগের কিছু নেতা এক সংবাদ সম্মেলন করে উপাচার্যের পদত্যাগ দাবি করেন । আজ বুধবার দুপুরে প্রেসক্লাবে ‘ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর এবং আওতাধীন কলেজ সমূহের’ ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নগর ছাত্রলীগের সহসভাপতি মিথুন মল্লিক, সহসভাপতি রেজাউল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আবদুল্লাহ আল মামুন, ইয়াছির আলী, নগর কমিটির যুগ্ম সম্পাদক ওয়াহিদ রাসেল উপস্থিত ছিলেন।
নগর ছাত্রলীগের আওতাধীন কলেজসমূহের ব্যানারে এই সংবাদ সম্মেলন করা হলেও সেখানে ছিলেন না নগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিথুন মল্লিক।
সংবাদ সম্মেলনে উপাচার্যের পদত্যাগের পাশাপাশি হত্যাকারীদের তিন দিনের মধ্যে গ্রেপ্তার করা না হলে আগামী ৩ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত নানা কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ৩ এপ্রিল নগরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সমাবেশ, ৫ এপ্রিল ছাত্র ধর্মঘট, ৬ এপ্রিল পুলিশ কমিশনারের কার্যালয়ে অবস্থান ধর্মঘট এবং ৭ এপ্রিল উপাচার্যের কার্যালয় অবরোধ এবং তিনি পদত্যাগ না করা পর্যন্ত অবস্থান।
লিখিত বক্তব্যে বলা হয়, নাসিম আহমেদকে চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যা করে। এ হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নীরব সম্মতি আছে বলে প্রতীয়মান হয়। কেননা সোহেল ইতিপূর্বে উপাচার্যকে তার ওপর হামলা হওয়ার সম্ভাবনার কথা অবগত করেছিলেন। চকবাজার থানায় কয়েকজনের নামে জিডি করেছিল সোহেল। কিন্তু একজন ছাত্রের জীবনের নিরাপত্তার জন্য তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।
এতে আরও বলা হয়, সুপ্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে কোনো প্রো-ভিসি, রেজিস্ট্রার, ট্রেজারার নেই। বিশ্ববিদ্যালয় গ্রাস করার জন্য যে চক্রটি নিজের সম্পত্তি বলে আদালতে মামলা করেছে সে চক্রের সঙ্গে প্রতিনিয়ত বৈঠক ও ষড়যন্ত্রে উপাচার্য নিয়োজিত থাকেন। বর্তমান উপাচার্য সকলের শ্রদ্ধেয় হলেও বয়সের কারণে কর্মক্ষমতা হারিয়েছেন এবং একটি চক্র দ্বারা তিনি নিয়ন্ত্রিত হচ্ছেন।
নিহত নাসিম এই চক্রের বিপরীত পক্ষের হয়ে রাজনীতি করত এমন প্রশ্ন এড়িয়ে যান সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা।
অভিযোগ প্রসঙ্গে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন বলেন, ‘সমর্থন থাকলে আমরা সিসি টিভির ফুটেজ কেন পুলিশকে দেব। আমরা ঘটনার পরপরই পুলিশকে ফুটেজ দিয়েছি। এই ধরনের ঘটনা ঘটুক কোনো উপাচার্য চায় না।’