হদিস নেই সাজাপ্রাপ্ত তিন জঙ্গির
রাজশাহীর বাগমারার মাড়িয়া ইউনিয়নের বাসিন্দা ও নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সাজাপ্রাপ্ত তিন সদস্যকে গত এক যুগেও খুঁজে পায়নি পুলিশ। এঁরা হলেন তক্তপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে জাকির হোসেন, বৈলসিংহ গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে আমানুল্লাহ ও জাহেদের ছেলে লিয়াকত আলী। এদের মধ্যে দুটি মামলায় আমানুল্লাহর ২০ বছর ও অন্য দুজনের একটি করে মামলায় ১০ বছর করে সাজা হয়।
পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার পর থেকে এই তিন জঙ্গি পলাতক রয়েছেন। হামলার পর থেকেই তাঁদের ধরার জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এলেও ধরতে পারেনি। এ নিয়ে ওই সময় প্রথম আলোয় সংবাদও ছাপা হয়।
মামলার নথিপত্র ঘেঁটে দেখা যায়, পলাতক ওই তিন জঙ্গি ২০০৫ সালের ১৭ আগস্ট রাজশাহী নগরের বোয়ালিয়া থানার আরডিএ মার্কেট এলাকায় বোমা বিস্ফোরণ ঘটনায় জড়িত। এ ঘটনায় থানার তৎকালীন উপপরিদর্শক সিদ্দিকুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ফাঁসির আদেশ কার্যকর হওয়া জঙ্গি শায়খ আবদুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই ও আবদুল আওয়ালসহ ১৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে স্থানান্তর হলে ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর বিচারক একরামুল হক চৌধুরী মৃত্যুদণ্ড হওয়া তিনজনকে বাদ দিয়ে ১৬ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করেন। রায়ে ১১ জনকে অব্যাহতি (খালাস) ও পাঁচজনের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে বাগমারার ওই তিনজন রয়েছেন।
অপরদিকে একই বছরের (২০০৫ সালে) ২৮ নভেম্বর নগরের রাজপাড়া থানায় দায়ের করা আরেকটি বোমা বিস্ফোরণ মামলায় বাগমারার জঙ্গি আমানুল্লাহর ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী সাতজনকে ১০ বছর করে কারাদণ্ড এবং একজনকে অব্যাহতি দেন। সাতজনের মধ্যে বৈলসিংহ গ্রামের আমানুল্লাহও রয়েছেন। মামলার রায়ে দণ্ড পাওয়া আসামিদের জেএমবি বলে উল্লেখ করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তাও নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন, আমানুল্লাহসহ ওই সাতজন জঙ্গি সংগঠন জেএমবির তালিকাভুক্ত সদস্য।
এদিকে মামলার রায় ঘোষণা হলেও বাগমারার ওই তিন জঙ্গি গ্রেপ্তার হয়নি। নিখোঁজ তিনজনের পরিবারের সদস্যরা জানান, পুলিশ মাঝেমধ্যে এসে খোঁজ নেয়। বাড়িতে না পেয়ে চলে যায়।
জঙ্গি জাকির হোসেনের বাবা মকবুল হোসেন বলেন, তাঁর ছেলে দেশের বাইরে আছেন। মামলায় সাজা হওয়ার কিছুদিন আগে তিনি বিদেশে গেছেন বলে দাবি করেন মকবুল হোসেন। ছেলে জেএমবির সদস্য হওয়ার পরও কীভাবে পাসপোর্ট করে দেশের বাইরে যেতে পারলেন, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো সমস্যা হয়নি।’
অপর দুই জঙ্গি আমানুল্লাহ এবং লিয়াকত আলীও সিরিজ বোমা হামলার পর থেকে লাপাত্তা। তাঁরা সম্পর্কে পরস্পরের চাচাতো ভাই। তাঁদের গ্রামের ২০ থেকে ২৫ জন জানান, দীর্ঘদিন ধরেই ওই দুই ভাই এলাকাছাড়া। তাঁরা দেশে না বিদেশে আছেন তা তাঁরা জানেন না। তবে সেই সঙ্গে তাঁরা এও জানান, এই দুজন পলাতক থাকায় এলাকাবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে। তাঁরা এখনো জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে এলাকাবাসীর সন্দেহ। দেশব্যাপী আলোচিত নব্য জেএমবির প্রধান উপজেলার বুজরুককোলা গ্রামের মঈনুল ইসলাম ওরফে মুসার পথে তাঁরা যেতে পারে বলেও সংশয় প্রকাশ করেন স্থানীয় লোকজন। এক বছর ধরে নিখোঁজ থাকার পর গত বছরের ২৫ ডিসেম্বর রাজধানীর আশকোনার জঙ্গি আস্তানা থেকে তাঁর স্ত্রী ও শিশুসন্তানকে পুলিশ আটক করে। এখন তাঁকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
নিখোঁজ দুই জঙ্গির চাচা জিয়াউল আলম বলেন, তিনি জঙ্গি তালিকায় নাম লেখানো দুই ভাতিজাকে ঘৃণা করেন। ১০ থেকে ১২ বছর ধরে বাড়ির লোকজনের সঙ্গে কোনো যোগাযোগ বা সাক্ষাৎ নেই তাঁদের। তাঁদের সাজা হয়েছে কি না, তাও তিনি জানেন না বলে জানান।
বাগমারা থানার ওসি সেলিম হোসেন বলেন, তাঁদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।