হদিস নেই ৪২ টন চালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ সরকাি খাদ্যগুদামে ৪২ দশমিক ৬৫ টন চালের হদিস নেই। চাল আত্মসাতের অভিযোগে গত বৃহস্পতিবার গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মো. আবদুল্লাহর বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই সঙ্গে খাদ্যগুদামটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার ইউএনও আবদুল হান্নান আকস্মিকভাবে ওই খাদ্যগুদাম পরিদর্শনে যান। এ সময় তিনি গুদামে রাখা চালের হিসাব নিতে গিয়ে দেখেন, ৪২ দশমিক ৬৫ টন চাল নেই। এ চালের মূল্য ১৫ লাখ ৭৮ হাজার ৫০ টাকা। এ সময় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৌশলে সটকে পড়েন। ইউএনও খাদ্যগুদামটি সিলগালা করে দেন। পরে রাতেই গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ইউএনও আবদুল হান্নান মুঠোফোনে বলেন, গুদামে প্রতিটি বস্তায় ৫০ কেজি করে ৩ হাজার ২৭৩ বস্তা চাল থাকার কথা। কিন্তু গুদামে রাখা বস্তা গুনে ৫০ কেজির ৮৫৩ বস্তা অর্থাৎ ৪২ দশমিক ৬৫ মেট্রিক টন চাল কম পাওয়া যায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বলেন, ঘটনাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আহাদ আলী জানান, গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এদিকে ওই খাদ্যগুদামের গা–ঢাকা দেওয়া ওসিএলএসড়ি আবদুল্যাহ মুঠোফোনে বলেন, চাল পাচার কিংবা আত্মসাত হয়নি। কাগজপত্রে ভুল হওয়ায় এই ঘাটতি দেখা যাচ্ছে। কাগজ সংশোধনের চেষ্টা চলছে।