হবিগঞ্জ ও নেত্রকোনায় সংঘর্ষে দুই কৃষক নিহত
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গতকাল সোমবার দুই পক্ষের সংঘর্ষে সৈয়দ মিয়া (২৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। একই দিন নেত্রকোনার মদনে সংঘর্ষে মুসলেম উদ্দিন (৬২) নামের এক কৃষক নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বানিয়াচংয়ের কাওরাকান্দি গ্রামে তাইজুল ইসলামের সঙ্গে একই গ্রামের আসকির মিয়ার ধানের একটি খলা (ধান মাড়াই ও শুকানোর মাঠ) নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকাল ১০টার দিকে খলা দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন বল্লম, লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে বল্লমবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ওই গ্রামের নুর মিয়ার ছেলে সৈয়দ মিয়া নিহত হন। আহত হন উভয় পক্ষের শতাধিক লোক। গুরুতর আহত ৫৪ জনকে হবিগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ১৫ জনকে আটক করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মদন থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাইটাইল ইউনিয়নের শিবাশ্রম গ্রামের পশ্চিমপাড়ার কৃষক কসিম উদ্দিন ও উত্তরপাড়ার কৃষক শহিদ মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গ্রামের মগড়া খালের পাশে গণেশের হাওরের বিরোধপূর্ণ ৩৭ শতাংশ জমি কসিম এবার দখলে নিয়ে ধান চাষ করেন। গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে শহিদ ও তাঁর লোকজন ওই জমিতে ধান কাটতে গেলে কসিমের লোকজন তাঁদের বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ঘটনাস্থলেই শহিদের বড় ভাই মুসলেম উদ্দিন নিহত হন। আহত হন আরও ২০ জন। গুরুতর আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানার ওসি এস এম মফিজুল ইসলাম জানান, মুসলেমের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সুপার জাকির হোসেন খান জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।