হবিগঞ্জের চুনারুঘাটে গত রোববার রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাত মাসের এক শিশুকে হত্যা করা হয়েছে। গুরুতর আহত হয়েছে তার বোন। নিহত শিশুটির মাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া পাবনার সদর উপজেলায় পাঁচ বছরের একটি শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে রোববার বিকেলে। পুলিশ শিশুটির সৎমাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, রোববার রাত দুইটার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উসমানপুর গ্রামে সাত মাসের শিশু নিপা ও তার বোন রিপাকে (৩) কুপিয়ে আহত করা হয়। শিশুদের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে দুই বোনকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পাওয়া নিপা ঘটনাস্থলেই মারা যায়। রিপাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতাল হয়ে গতকাল সোমবার শিশুটিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালে আহত রিপা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানিয়েছে, বাবা লিটন মিয়া তাদের কুপিয়েছেন। তাদের দুই বোন চিৎকার শুরু করলে বাবা বাসা থেকে বের হয়ে যান।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বলেন, আহত শিশুটির তথ্যের ভিত্তিতে পুলিশ তার মা মিলন আক্তার, দাদি জহুরা বেগম ও প্রতিবেশী মীর মর্তুজ আলীকে আটক করেছে। হত্যার ঘটনার পর থেকে নিহত শিশুর বাবা লিটন মিয়া পলাতক রয়েছেন। ওসি বলেন, প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জের ধরে তাদের ফাঁসানোর জন্য নিজের সন্তানকে হত্যা করে থাকতে পারেন লিটন মিয়া। হত্যার পর তাঁর পালিয়ে যাওয়ার কারণে সন্দেহ আরও বেড়েছে।
আটকের আগে নিহত নিপার মা মিলন আক্তার বলেন, রাতে দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। স্বামী লিটন বাড়িতে ছিলেন না। রাত দুইটার দিকে ঘরের দরজা ভেঙে দু-তিনজন লোক ঢুকে তাঁর দুই শিশুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান।
এদিকে পাবনা সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে রোববার বিকেলে সিয়াম হোসেন (৫) নামের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সিয়ামের মা সুমী খাতুন গতকাল সোমবার দুপুরে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ শিশুটির সৎমা আরজিনা খাতুনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় লোকজন বলেন, সিয়ামের বাবা সাইফুল ইসলাম কিছুদিন আগে প্রথম স্ত্রী সুমী খাতুনকে তালাক দিয়ে আরজিনা খাতুনকে বিয়ে করেন। কিন্তু প্রথম স্ত্রীর সন্তান সিয়ামকে নিজের কাছেই রেখে দেন। শিশুটিকে আরজিনা খাতুন দেখাশোনা করতেন। রোববার বিকেল থেকে হঠাৎ করে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আরজিনার ঘরে শিশুটির মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
সুমী খাতুন অভিযোগ করেন, পরিকল্পিতভাবে সিয়ামকে হত্যা করেছেন আরজিনা।
পাবনা সদর থানার ওসি আবদুল্লাহ আল হাসান বলেন, সুরতহাল প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদনে বিষয়টি স্পষ্ট হবে। তিনি বলেন, শিশুটির মা সুমী খাতুন পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। মামলায় আরজিনা খাতুন, আরজিনার চাচাতো ভাই শাকিল হোসেন ও তাঁর স্ত্রী উর্মী খাতুনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।