হবিগঞ্জ ও শেরপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের লাখাই উপজেলায় জমি নিয়ে বিরোধে গত মঙ্গলবার আবু তাহের (৫৫) নামে এক ব্যক্তি ও শেরপুরে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া টাঙ্গাইলে গতকাল বুধবার পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

হবিগঞ্জ: লাখাইয়ের বামৈ গ্রামের আওয়ামী লীগ কর্মী আবু তাহেরের সঙ্গে জমিজমা নিয়ে একই গ্রামের উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আবু তাহের বামৈ বাজারে ব্যবসা করেন। গত মঙ্গলবার বিকেল তিনটার দিকে জয়নাল ওই দোকানে গিয়ে আবু তাহেরকে গালিগালাজ করেন। এর জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে আবু তাহের ঘটনাস্থলেই নিহত হন। আহত হন উভয় পক্ষের অন্তত ৫০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪৭টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে নিহত তাহেরের ছেলে সাইফুল (১৬) ও মিজানুরকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আরও ১৩ জনকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর: সদরের মারেরচর ইউনিয়নের ৬ নম্বর চর গ্রামের আজাহার ও হামিদুল হকের সঙ্গে আলতাফ হোসেনের (৩৫) দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত মঙ্গলবার রাত ১১টার দিকে দুর্বৃত্তরা আলতাফকে ধরে নিয়ে যায়। পরে তারা তাঁকে শ্বাস রোধ করে হত্যার পর ব্রহ্মপুত্র নদের পাড়ে লাশ ফেলে রেখে যায়। গতকাল সকালে ব্রহ্মপুত্র নদের পাড়ে আলতাফের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীরা। খবর পেয়ে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। আলতাফ পেশাদার মোটরসাইকেলচালক ছিলেন।

টাঙ্গাইল: গতকাল সকাল ছয়টার দিকে শহরের কাগমারী এলাকার সুনীল দাসের ছেলে দিলিপ দাসকে (২৮) অজ্ঞাত এক রিকশাচালক আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল এলাকায় কাঠমিস্ত্রির কাজ করতেন। পুলিশ জানিয়েছে, তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।