হবিগঞ্জ ও সুনামগঞ্জে সংঘর্ষে আহত ৬৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর উপজেলার কাশীপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার খেতে গরু ঢুকে পড়ার ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। একই দিন সুনামগঞ্জের ছাতক পৌর শহরে আনারস কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
হবিগঞ্জ সদর থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলা কাশীপুর গ্রামের আতাউর রহমানের একটি গরু গতকাল একই গ্রামের আলী ইসলামের খেতে ঢোকে। এ সময় আলী ইসলাম ওই গরুকে বল্লম দিয়ে আঘাত করেন। এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের স্বজনেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ৫০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
আহত ব্যক্তিদের মধ্যে কুতুব আলীকে (৩৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সাইদুর রহমান (৩৫), আবুল হোসেন (৩৫), মীর হোসেন (২৬), আমির আলী (৩০), শামছুল হক (২৫), জহুর আলী (২৬), আকবর আলী (২৮), বদরুল আলম (২০), মহিবুর রহমান (৪১), শামীম মিয়াসহ (৩৫) ৩২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমুদ্দিন জানান, এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।
ছাতক থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছাতক পৌর শহরের চরেরবন্দ এলাকায় ফল বিক্রি করেন মুক্তিরগাঁও গ্রামের নিজাম উদ্দিন। গতকাল দুপুর ১২টার দিকে নিজাম উদ্দিনের কাছ থেকে চরেরবন্দ এলাকার বাসিন্দা সামসুদ্দিন এক হালি আনারস কেনেন। এ সময় দাম নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। এর জের ধরে ফল বিক্রেতা ও স্থানীয় লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে নিজাম উদ্দিন (২৪), ফয়ছল আহমদ (২৫), বোলাই মিয়া (৩০), সাইফুল ইসলাম (৩০), ফখর উদ্দিন (৭০), রহিম উদ্দিন (৪০), আজির উদ্দিন (২৫), তারেক আহমদ (২৬) ও সামসুদ্দিনকে (১৮) ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ছাতক থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে থানায় কোনো পক্ষই অভিযোগ করেনি।