হবিগঞ্জ ও সুনামগঞ্জে সংঘর্ষে ৮৫ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে গতকাল বৃহস্পতিবার সেচ দেওয়ার ঘটনা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ৫০ জন আহত হয়েছে। একই দিন সুনামগঞ্জের তাহিরপুর এবং ধরমপাশায় পৃথক সংঘর্ষের ঘটনায় আরও ৩৫ জন আহত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের একটি জমিতে পানি সেচ নিয়ে দিদার মিয়ার সঙ্গে একই গ্রামের সামছু মিয়ার কথা-কাটাকাটি হয়। এ নিয়ে সামছু ও দিদারের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে সুজন মিয়া, কাজল মিয়াসহ ১০ জনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাজু মিয়া, আরাফাত, রজব আলী, কবীর আলম, রফিক আলী, কাউসার মিয়াসহ ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া এই সংঘর্ষ থামাতে গিয়ে ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্য ইয়াছিনুল হক, জাকির হোসেন, রবিউল হাসানসহ ৬ পুলিশ সদস্য আহত হন। তাঁরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, জমিতে সেচ নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো পক্ষই অভিযোগ করেনি বলে জানান ইয়াছিনুল হক।

তাহিরপুর থানার পুলিশ জানায়, তরংশ্রীপুর গ্রামের নুরুল হক ও জাহাঙ্গীর আলমের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। গতকাল বেলা একটার দিকে নুরুল হক বিরোধীয় জায়গায় গাছের চারা লাগাতে গেলে জাহাঙ্গীর আলম বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হন। তাঁদের মধ্যে এরশাদ মিয়া, সাদ মিয়া, লায়েছ নুর, দেলোয়ার হোসেন, জয়সাদ মিয়া, লালসাদ মিয়া, খলিল মিয়া, তাজিদ নুর, ডালিম হোসেন, দিলশাদ মিয়া, আলী রাজা, নাঈম আহমদ, জুলহাস নুর, মফিজুল হক, আবুল হুদা, নুরুল হক, আরশাদ নুর ও ইসলাম নুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে। থানায় এই নিয়ে কোনো পক্ষই অভিযোগ করেনি।

 এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা সদরের ফিউচার লিডার কিন্ডারগার্টেনের সামনের সড়কে মোটরসাইকেলের একটি অস্থায়ী স্ট্যান্ড রয়েছে। উপজেলা মোটরসাইকেল চালক সমবায় সমিতি লিমিটেড দীর্ঘদিন ধরে এটি নিয়ন্ত্রণ করছে। এখান থেকে প্রতিদিন যাত্রী নিয়ে ভাড়ায়চালিত এসব মোটরসাইকেল ধরমপাশা-জয়শ্রী হয়ে বিভিন্ন এলাকায় ও পাশের জামালগঞ্জ হয়ে সুনামগঞ্জ জেলা সদরে চলাচল করে। গতকাল বেলা দেড়টার দিকে সমিতির বাইরের মোটরসাইকেল চালক উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা দিলদার মিয়া সিরিয়াল না মেনে মোটরসাইকেলে যাত্রী তুলে পাশের জামালগঞ্জ উপজেলার উদ্দেশে রওনা হলে এতে বাধা দেন সিরিয়ালে থাকা হলিদাকান্দা গ্রামের বাসিন্দা ও সমিতির সদস্য মোটরসাইকেল চালক সুজন মিয়া। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই দুই চালক ও তাঁদের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে দেলোয়ার হোসেন (৪৫), কবীর মিয়া (২২), সুজন মিয়া (২২), শাহজাহান মিয়া (২৪), এনামুল হক (৫০), রুবেল মিয়াসহ (২০) অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে উপজেলা মোটরসাইকেল চালক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ও সদস্য কবীর মিয়াকে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন বিকেলে দেলোয়ারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) অনির্বাণ বিশ্বাস বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন হবিগঞ্জ, সুনামগঞ্জ অফিস ও ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি