হবিগঞ্জ কারাগারে জি কে গউছের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ জেলা কারাগারের ভেতরে একজন খুনের আসামির হামলায় গুরুতর আহত হবিগঞ্জ পৌরসভার মেয়র (সদ্য সাময়িক বরখাস্ত) ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছকে চিকিৎসা শেষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
জি কে গউছ সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অন্যতম আসামি। গত বছরের ২৮ ডিসেম্বর থেকে তিনি হবিগঞ্জ জেলা কারাগারে আছেন।
গউছের ওপর এ হামলার ঘটনায় হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম ঘটনার দিন শনিবার রাতেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে দেন। পাশাপাশি কারাগার কর্তৃপক্ষ এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করেছে।
হবিগঞ্জ জেলা কারাগার সূত্রে জানা গেছে, ঈদের দিন গত শনিবার সকাল নয়টার সময় কারাগারের ভেতরে পবিত্র ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে ইলিয়াস মিয়া নামের এক খুনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হঠাৎ করে লোহাজাতীয় কিছু দিয়ে গউছের ওপর হামলা চালান। এতে তাঁর পিঠে ক্ষত ও রক্তক্ষরণ হয়। এ ঘটনার পর প্রথমে তাঁকে কারাগারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসককে আনা হলে তাঁর পরামর্শে গউছকে ওই দিন বেলা সাড়ে তিনটায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।
জি কে গউছের ওপর এ হামলার খবর পেয়ে হবিগঞ্জ জেলা বিএনপি নেতা-কর্মীরা ওই দিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কারাগারের সামনে অবস্থান নেন। তাঁরা সেখানে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। এ ঘটনার পরদিন গত রোববার হবিগঞ্জ জেলার সর্বত্র হরতাল পালিত হয় জেলা বিএনপির ডাকে।
হবিগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ওই দিন রাতেই অভিযুক্ত আসামি ইলিয়াস মিয়াকে বিবাদী করে হবিগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। কী কারণে ওই সাজাপ্রাপ্ত আসামি জি কে গউছের ওপর হামলা চালিয়েছেন, তা এখনো তাঁদের কাছে পরিষ্কার নয় বলে জানান কারা তত্ত্বাবধায়ক।
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় গত বছরের ১৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এতে জি কে গউছ ছাড়াও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র (সদ্য বরখাস্ত) আরিফুল হক চৌধুরীসহ ৩৩ জনকে অভিযুক্ত করা হয়।