হবিগঞ্জ সীমান্তে সাতজনকে আটক করেছে বিজিবি
বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশু ও নারীসহ সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার দুপুরে তাঁদের হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিণখোলা সীমান্ত থেকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে উপজেলার হরিণখোলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে তিন শিশু, একজন নারী ও তিন পুরুষকে আটক করে বিজিবি। আটক ব্যক্তিরা হলেন অধীর বিশ্বাস (৪২), শ্যামানন্দ সরকার (২০), সত্যেন্দ্র সরকার (৩০), সত্যেন্দ্র সরকারের স্ত্রী করুণা সরকার (২৫), ছেলে জিতু সরকার (৭), মেয়ে পূর্ণিমা সরকার (৫) ও অনিমা সরকার (৩)। তাঁরা জানান, তাঁদের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঔর ও দুর্গাপুর গ্রামে।
বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার তারিকুল ইসলাম খান জানান, অবৈধভাবে অনুপ্রবেশের কারণে তাঁদের আটক করা হয়। তাঁরা নিজেদের বাংলাদেশের নাগরিক দাবি করছেন। বিষয়টির তদন্ত করা হচ্ছে।