দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হবিগঞ্জে আওয়ামী লীগের চার নেতাকে গতকাল শনিবার দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বহিষ্কৃত ব্যক্তিরা বলছেন, কমিটির সভাপতি ও সাংসদের অন্যায়ের প্রতিবাদ করায় অন্যায়ভাবে তাঁদের বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত ব্যক্তিরা হলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল হাশেম মোল্লা ওরফে মাসুম মোল্লা, কোষাধ্যক্ষ মো. আবদুর রহমান, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মো. মুসলিম ও মাধবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি বেনু মাধব রায়।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গতকাল সংগঠনের জেলা কার্যকরী কমিটির সাধারণ সভা দলের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি ও হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) আসনের সাংসদ মো. আবু জাহিরের সভাপতিত্বে সভায় ৭১ সদস্যের কার্যকরী কমিটির ৪৭ জন উপস্থিত ছিলেন। তবে বহিষ্কৃত ব্যক্তিদের কেউ উপস্থিত ছিলেন না।
সভায় বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও পৌরসভা নির্বাচনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয় আবুল হাশেম মোল্লা ওরফে মাসুম মোল্লা, মো. আবদুর রহমান, শাহ মো. মুসলিম ও বেনু মাধব রায়ের বিরুদ্ধে। পরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর সত্যতা নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) আসনের সাংসদ আবদুল মজিদ খান বলেন, দলের এই সিদ্ধান্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে পাঠানো হবে।
আবুল হাশেম মোল্লা বলেন, সাংসদ আবু জাহিরের নানা অন্যায়ের প্রতিবাদ করায় তিনি প্রভাব খাটিয়ে এই অন্যায় সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, কাউকে বহিষ্কার করতে হলে নিয়ম অনুযায়ী নোটিশ বা কারণ দর্শাতে চিঠি দিতে হয়। এ ক্ষেত্রে এ ধরনের কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। মো. আবদুর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। শাহ মো. মুসলিম ও বেনু মাধব রায়ও দলের জেলা সভাপতিকে দোষারোপ করে বলেন, জেলা আওয়ামী লীগকে তিনি কুক্ষিগত করে রেখেছেন। তাঁর অন্যায়ের বিরুদ্ধে যাঁরা কথা বলেন, তাঁদের তিনি বহিষ্কার করেন। শৃঙ্খলা ভঙ্গের কোনো কাজ তাঁরা করেননি।
জানতে চাইলে সাংসদ মো. আবু জাহির প্রথম আলোকে বলেন, তাঁদের এ অভিযোগ ঠিক নয়। তাঁরা প্রত্যেকেই বিগত নির্বাচনে দলের প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন। এখানে সভাপতির একক সিদ্ধান্তে কোনো কাজ হয়নি।