হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ও মোহনপুর এলাকার বাসিন্দাদের মধ্যে গতকাল বুধবার সংঘর্ষ হয়েছে। এতে ১০ পুলিশসহ অর্ধশত লোক আহত হয়েছেন। এঁদের মধ্যে হবিগঞ্জ সদর মডেল থানার ওসিও রয়েছেন। একই দিন জামালপুরের বকশীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার এক যুবক গতকাল সকালে শায়েস্তানগর এলাকার এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন। এ নিয়ে গতকাল বেলা ১১টায় উভয় এলাকার তরুণদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, বল্লম. ইটপাটকেল ব্যবহার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এর কিছুক্ষণ পর আবারও উভয় পক্ষের লোকজন শহরের শায়েস্তানগর ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সংঘর্ষ বেলা দেড়টা পর্যন্ত চলে। সংঘর্ষকালে শহরের প্রধান সড়কসহ আশপাশ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় উভয় পক্ষের লোকজন ১০-১২টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচ-ছয়টি যানবাহন ভাঙচুর করেন। এতে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়লে শহরের প্রধান সড়কে সব ধরনের যান চলাচল এক ঘণ্টা বন্ধ থাকে। পুলিশ ১০-১২টি কাঁদানে গ্যাসের শেল ও ৭০টি রাবার বুলেট ছুড়ে এ সংঘর্ষ থামায়।
সংঘর্ষে ইটের আঘাতে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন (৪৫), কনস্টেবল আলমগীর, মোজাম্মেল হক, ইয়াসিন, আবদুল লতিফসহ ১০ জন পুলিশ এবং উভয় পক্ষের প্রায় ৪০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে। ওসি নাজিম উদ্দিনসহ ১০ জন পুলিশ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষে আহত শায়েস্তানগর ও মোহনপুর এলাকার ২২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও দুজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিশ্বজিৎ রায় বলেন, একজন ছাত্রীকে উত্ত্যক্ত করা নিয়ে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ পুলিশসহ উভয় পক্ষের অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
জামালপুরের বকশীগঞ্জ থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় এলাকার আজিমল হকের সঙ্গে একই গ্রামের সাইদ মাস্টারের ৬০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল দুপুরে সাইদ ওই বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান। এ সময় আজিমল হকের লোকজন ধান কাটতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে বকশীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে সাইদের পক্ষের মোতালেব হোসেন (৫৫) ও খোকন মিয়া (৩০) এবং অপর পক্ষে আজিমল হক (৪০), সহিজল হক (৪৫), আনিছ (৩০), সাদ্দাম হোসেন (৩২) ও বকুল মিয়া (৩২) আহত হন। গুরুতর আহত অবস্থায় সহিজল হক, আজিমল হক, মোতালেব হোসেন ও খোকনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনূর রহমান বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।