হবিগঞ্জে এটিএম বুথে নিরাপত্তাকর্মীর লাশ
হবিগঞ্জ শহরে পূবালী ব্যাংকের জেলা শাখার এটিএম বুথের ভেতর থেকে আজ রোববার বিকেলে বুথের নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আবদুল হক (৪৮)। তাঁর বাড়ি শহরের পৌর এলাকার উমেদনগর গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, বেলা তিনটার দিকে হবিগঞ্জ শহরের পূবালী ব্যাংক জেলা শাখার এটিএম বুথে টাকা তুলতে যান একজন গ্রাহক। এ সময় তিনি বুথের ভেতরে একটি লাশ দেখতে পান। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। আশপাশের লোকজন বুথের দায়িত্বে থাকা নিরাপত্তাপ্রহরী আবদুল হকের লাশ বলে চিহ্নিত করেন। পরে তাঁর পরিবারের লোকজন ও ব্যাংকের কর্মকর্তা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। ব্যাংকের একটি সূত্র জানায়, আবদুল হক প্রায় এক বছর ধরে এ বুথের দায়িত্বে ছিলেন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ছাড়া ব্যাংকের বুথের কোনো টাকাও খোয়া যায়নি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।