হবিগঞ্জে এবার একসঙ্গে চার শিশু নিখোঁজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলায় চার শিশু নিখোঁজ ও হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই জেলায় ফের একসঙ্গে চার শিশু নিখোঁজের কথা জানা গেছে। তারা একটি মাদ্রাসার শিক্ষার্থী। গত শুক্রবার সন্ধ্যা থেকে ওই শিশুরা নিখোঁজ রয়েছে। গতকাল শনিবার রাত নয়টা পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি।
নিখোঁজ ছাত্ররা হলো হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামের আবদুল আওয়ালের ছেলে শাহনুর (১১), জেলার নবীগঞ্জ উপজেলার সুজাপুর গ্রামের মো. আবদুল্লাহর ছেলে নয়ন (১২), বাহুবল উপজেলার পশ্চিম শাহপুর গ্রামের আহমেদ রশিদ মিয়ার ছেলে তানভির রাশিদ (১৩) ও আব্দানারায়ণপুর গ্রামের আবদুল আহাদের ছেলে ইমতিয়াজ (১২)। তারা সবাই সদর উপজেলার বাছিরগঞ্জ পূর্ব নোওয়াগাঁও হাজি সুরুজ আলী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
মাদ্রাসা কর্তৃপক্ষ শুক্রবার রাতেই শিশুদের অভিভাবকদের মুঠোফোনে নিখোঁজ হওয়ার বিষয়টি জানায়। গতকাল দুপুরে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে নিখোঁজ এক শিশুর অভিভাবক শায়েস্তাগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বাছিরগঞ্জ পূর্ব নোওয়াগাঁও হাজি সুরুজ আলী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ সেলিম আহমেদ বলেন, গত শুক্রবার দুপুর পর্যন্ত ওই চার শিশু মাদ্রাসায় ছিল। ওই দিন সন্ধ্যায় তারা ছাত্রাবাসে ফেরেনি। ছাত্রাবাসে গিয়ে দেখা যায়, নিখোঁজ ছাত্রদের কাপড়চোপড় ও ব্যাগ সেখানে নেই। তখন মুঠোফোনে ওই ছাত্রদের অভিভাবকদের বিষয়টি জানানো হয়।
নিখোঁজ হওয়া শিশুদের সহপাঠীরা জানিয়েছে, ওই চার শিশু ছাত্রাবাসে পাশাপাশি থাকত। একসঙ্গে খেলাধুলা ও চলাফেরা করত।
নিখোঁজ শিশু শাহনুরের বাবা আবদুল আওয়াল প্রথম আলোকে বলেন, তিনি শুক্রবার বিকেলে ওই চার শিশুকে সর্বশেষ দেখেছিলেন। তাদের কাছে তখন কাপড়চোপড়ের ব্যাগ ছিল। তারা বলেছিল যে, পাঞ্জাবি তৈরি করতে স্থানীয় এক দরজির কাছে যাচ্ছে। শিশুদের কথা বিশ্বাস করে বিষয়টি আর তল্লাশি করে দেখেননি আওয়াল।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, চার শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পর পুলিশ গতকাল দুপুরে তাদের অভিভাবকদের থানায় ডেকে এনে কথা বলেছে। অভিভাবকদের প্রাথমিক ধারণা, শিশুরা হয়তো কোথাও পালিয়েছে। গতকাল বিকেলে নিখোঁজ শিশু তানভির রাশিদের বাবা আহমেদ রশিদ থানায় জিডি করেছেন।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানা-পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ শুরু করেছে। র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দলও অনুসন্ধান শুরু করেছে।
গত ১৭ ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশুর বালুচাপা লাশ উদ্ধারের প্রায় এক মাসের মাথায় এই চার মাদ্রাসাছাত্র নিখোঁজের ঘটনা ঘটল।