হবিগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অ্যাসিড সন্ত্রাসের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে তাহমিনা আক্তার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মুখ ও শরীরের কিছু অংশ ঝলছে গেছে। গত বুধবার দিবাগত রাতে হবিগঞ্জ সদর উপজেলার জয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। অ্যাসিড-সন্ত্রাসের শিকার ওই ছাত্রীকে গতকাল বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে পড়ালেখা শেষে নিজ ঘরে ঘুমাতে যায় তাহমিনা। রাত প্রায় একটার দিকে দু-তিনজন দুর্বৃত্ত কৌশলে ঘরটির দরজা খুলে মেয়েটিকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। এ সময় মেয়েটির চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন। মুহূর্তের মধ্যে অ্যাসিডে তাহমিনার মুখ ও শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। রাতেই তাকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতাল এবং পরদিন গতকাল উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
হবিগঞ্জ আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মহসিনুল করিম বলেন, মেয়েটির মুখমণ্ডল অ্যাসিডে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার শরীরেও অ্যাসিড লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাই মেয়েটিকে ঢাকায় পাঠানো হয়েছে।
তাহমিনার চাচা সফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে এলাকার দুই তরুণ প্রায়ই তাঁর ভাতিজিকে উত্ত্যক্ত করত। ওরাই অ্যাসিড ছুড়েছে বলে তাঁদের ধারণা।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন বলেন, মেয়েটির পরিবারের পক্ষ থেকে এখনো (গতকাল সন্ধ্যা পর্যন্ত) কোনো অভিযোগ করা হয়নি।