হবিগঞ্জে কলেজে ঢুকে ছাত্র হত্যা
হবিগঞ্জে কলেজ ক্যাম্পাসে সহপাঠীদের পিটুনিতে এক ছাত্র নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে শচীন্দ্র ডিগ্রি কলেজ ক্যাম্পাসের মসজিদের পাশে এ ঘটনা ঘটে। এর আগে শুক্রবার দিবাগত রাতে নোয়াখালীতে দুর্বৃত্তদের হাতে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
হবিগঞ্জ: শচীন্দ্র ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক (মানবিক) প্রথম বর্ষের ছাত্র ছিল সুমন আহমেদ (১৭)। সকালে কলেজ ক্যাম্পাসে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি ও ঝগড়া হয় তারই দুই-তিনজন বন্ধু ও সহপাঠীর সঙ্গে। পুলিশ ও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ঝগড়ার ঘটনার সূত্র ধরে বহিরাগত আরও তিন-চারজনসহ আট-দশজন মিলে সুমনকে মসজিদের পাশে নিয়ে বেধড়ক পেটায়। একপর্যায়ে একটি ভারী বস্তু দিয়ে আঘাত করলে সুমন মাটিতে পড়ে যায়। এ সময় কলেজের অন্য শিক্ষার্থীরা তাকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুমন হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকায় একটি মেসে থাকত। তার বাড়ি বানিয়াচং উপজেলার ইসলামপুর গ্রামে। বাবার নাম মো. মুখলেছুর রহমান।
কলেজের অধ্যক্ষ ফরাস শরীফি বলেন, সুমন তাঁদের ছাত্র হলেও ঘটনাটি কলেজের বাইরে ঘটেছে। তবে আশপাশের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা বলেন, পুরো ঘটনা কলেজ ক্যাম্পাসেই ঘটেছে। অধ্যক্ষ বিষয়টি এড়িয়ে যাওয়ায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
সুমনের চাচা মিজানুর রহমান বলেন, তাঁরা জেনেছেন চার-পাঁচ দিন আগে ক্রিকেট খেলা নিয়ে সুমনের সঙ্গে একই কলেজের ছাত্র মাসুম আহমেদের ঝগড়া হয়। এ ঘটনার সূত্র ধরে সুমনকে হত্যা করা হয়।
বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী বলেন, তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া থেকেই কলেজ ক্যাম্পাসে এ হত্যাকাণ্ড ঘটে। লাশের ময়নাতদন্ত জেলা আধুনিক হাসপাতালে করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
নোয়াখালী: সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের উত্তর দেওটি গ্রামে মিলন সরকার (৩৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত দেড়টার দিকে স্থানীয় মুহুরীগঞ্জ বাজারের পাশে দেওটি-জয়াগ সড়কে এ ঘটনা ঘটে। মিলন উত্তর দেওটি গ্রামের হাফেজ নাদরেজ্জামানের ছেলে। তিনি দেওটি ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম।