হবিগঞ্জে কারখানার বর্জ্য ফেলা হচ্ছে নদীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর ইউনিয়নে শিল্পপল্লির বর্জ্য ফেলা হচ্ছে স্থানীয় বরাং খালের পানিতে। খালের মাধ্যমে এসব বর্জ্য সুতাং নদীর পানিতে গিয়ে মিশছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর ইউনিয়নে শিল্পপল্লির বর্জ্য ফেলা হচ্ছে স্থানীয় বরাং খালের পানিতে। খালের মাধ্যমে এসব বর্জ্য সুতাং নদীর পানিতে গিয়ে মিশছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর ইউনিয়নের একটি শিল্পপল্লির বর্জ্য খালের মাধ্যমে নদীতে ফেলা হচ্ছে। এতে নদীর পানি দূষিত হচ্ছে এবং কৃষিজমি নষ্ট হয়ে যাচ্ছে বলে স্থানীয় কৃষকেরা অভিযোগ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রাণ-আরএফএল নিজেদের শিল্পপল্লি গড়ার লক্ষ্যে দুই বছর আগে নূরপুর ইউনিয়নের ওলিপুর এলাকায় ৫০০ একর জমি ক্রয় করে। এক বছর ধরে পল্লির ভেতরে প্রাণ-আরএফএলের চার-পাঁচটি কারখানা গড়ে উঠেছে। তবে কারখানাগুলোর জন্য ইটিপি স্থাপন করা হয়নি।
সরেজমিনে দেখা গেছে, ওই শিল্পপল্লি ঘেঁষে রয়েছে হবিগঞ্জ সদর উপজেলার শৈলজুরা হাওর ও গ্রাম। হাওরের ভেতরে বরাং নামে একটি পুরোনো খাল রয়েছে। খালটি ভরাট হয়ে গেছে অনেক আগেই। সম্প্রতি কারখানার বর্জ্য ফেলার জন্য চার কিলোমিটার দৈর্ঘ্য ও ১০ ফুট প্রশস্ত করে খালটি পুনরায় খনন করে প্রাণ-আরএফএল। খালটি আরএফএল কারখানার সঙ্গে যুক্ত হয়ে শৈলজুরা হাওর ও ধানি জমির ওপর দিয়ে সুতাং নদীতে গিয়ে মিশেছে। এখন কারখানার সব বর্জ্য সরাসরি নদীতে গিয়ে পড়ছে।
এলাকাবাসী জানান, মাস খানেক আগে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সফিকুল ইসলাম ওরফে তছকির বরাং খালটির খননকাজ শুরু করেন। শৈলজুরা গ্রামের কৃষক মানিক মিয়া বলেন, ‘প্রথমে আমরা ধরে নিয়েছিলাম, কৃষিকাজে সহায়তা দেওয়ার জন্য খালটি পুনরায় খনন করা হয়েছে। এখন দেখা যাচ্ছে, কারখানার বর্জ্য ফেলার জন্য এই খাল খনন করা হয়েছে।’
রাজিউড়া ইউপি সদস্য শফিকুল ইসলাম তছকির বলেন, প্রাণ-আরএফএলের অর্থায়নে এ কাজ হয়েছে। তাঁর ওয়ার্ডে হওয়ায় জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন সদর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) মাধ্যমে তাঁকে ডেকে নিয়ে এ কাজটি বুঝিয়ে দেন।
সহকারী কমিশনার (ভূমি) অমিতাভ পরাগ তালুকদার বলেন, তিনি যতটুকু জানেন, জেলা প্রশাসকের তদারকিতে তা হয়েছে।

খননের পর বরাং খাল
খননের পর বরাং খাল


জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, খালটি সরকারি তালিকাভুক্ত। এটি খনন করলে অনেক টাকার প্রয়োজন হতো। এখন যে অর্থায়নেই খনন হয়ে থাক, সেটি বিষয় না। খননে শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি কৃষকেরাও উপকৃত হচ্ছেন বলে দাবি করেন তিনি।
প্রাণ-আরএফএল শিল্পপল্লির মহাব্যবস্থাপক (জিএম) মঞ্জুর হক বলেন, এ খাল খননের জন্য তাঁরা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন। জেলা প্রশাসকের তত্ত্বাবধানে খনন হয়েছে। তিনি দাবি করেন ইটিপি হয়ে বর্জ্য খালে যাচ্ছে। এতে দূষণের কোনো সুযোগ নেই।
হবিগঞ্জ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, তাঁদের যদি ইটিপি থাকত, তাহলে এই খাল খননেরই প্রয়োজন হতো না। বিজ্ঞানসম্মত না হওয়ায় তাঁদের ইটিপি কোনো কাজেই আসছে না।